বগুড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: ৩০ শিক্ষককে সম্মাননা

‘শিক্ষকের পাশে: পেশা সুরক্ষায় এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর’ প্রতিপাদ্য সামনে রেখে বগুড়ায় জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকালে শহরের শহীদ টিটু মিলনায়তনে আলোচনা সভা ও শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৬ আসনের জাতীয় সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।
জেলা প্রশাসক (ডিসি) এবং অনুষ্ঠানের সভাপতি মো. তৌফিকুর রহমান বলেন, বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ হওয়ায় নানামুখী সীমাবদ্ধতার মধ্যেও শিক্ষকদের সুবিধার বিষয়টি সরকার সর্বদা অগ্রাধিকার দিচ্ছে। শিক্ষকরা অভাব-অনটন বা মানসিক অসন্তোষে থাকলে তার নেতিবাচক প্রভাব শ্রেণীকক্ষে পড়ে। তাই মেধাভিত্তিক জাতি গঠনে শিক্ষকদের মর্যাদা সবার ওপরে রাখা নিশ্চিত করা হচ্ছে।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বাদশা বলেন, শিক্ষক সমাজের অধিকার ও মর্যাদা রক্ষায় বর্তমান সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। ইতিপূর্বে অবসর ও কল্যাণভাতা পেতে শিক্ষকদের দীর্ঘ ভোগান্তি পোহাতে হলেও বর্তমানে দ্রুত সময়ে ভাতা প্রদান করা হচ্ছে। উদাহরণস্বরূপ, গাবতলী ও ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের অনেক শিক্ষক অবসর গ্রহণের মাত্র ছয় মাসের মধ্যে পাওনা সুবিধা বুঝে পেয়েছেন, যা ক্যানসার আক্রান্তসহ সুবিধাবঞ্চিত বহু শিক্ষকের চিকিৎসায় বড় ভূমিকা রাখছে। তিনি আরও জানান, জাতীয় পর্যায়ে ১০০ জন গুণী শিক্ষকের পাশাপাশি স্থানীয় পর্যায়ে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি দিয়ে পুরো শিক্ষক সমাজকে সম্মানিত করা হচ্ছে।
অনুষ্ঠানে জেলা শিক্ষা কর্মকর্তা মো. রমজান আলী আকন্দ বলেন, কর্মসূচিতে জেলার সরকারি প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কারিগরি, মেডিকেল ও পলিটেকনিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮০০ এর বেশি শিক্ষক অংশ নিয়েছেন। গুণী শিক্ষক সংবর্ধনার আওতা বাড়িয়ে কেন্দ্রীয়ভাবে ১০০ জন এবং বগুড়া জেলা পর্যায়ে বাছাইকৃত ৩০ জন শিক্ষককে বিশেষ সম্মাননা দেওয়া হচ্ছে।
তিনি আরো জানান, প্রথাগত শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার বিস্তার ও শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে ‘তৃতীয় ভাষা’ (Third Language) শিক্ষার চালুর উদ্যোগ নেওয়া প্রয়োজন। একইসাথে মানসম্পন্ন, সৎ ও যোগ্য নতুন প্রজন্ম গড়ে তুলতে সরকার এ বছর বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে বলে উল্লেখ করেন।
এর আগে দিবসটি উপলক্ষে সকাল ১১টায় শহরের ডিসি অফিসের বটতলা চত্বর থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে শহীদ টিটু মিলনায়তনে এসে শেষ হয়।
ভোরের আকাশ/আ.র