বাউফলের ৬৬ পূজামণ্ডপে হুমায়ুন কবিরের শুভেচ্ছা উপহার

পটুয়াখালীর বাউফলে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলার ৬৬টি পূজামণ্ডপে আর্থিক শুভেচ্ছা উপহার দিয়েছেন বাউফল পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির। তার পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে এ উপহার তুলে দেওয়া হয়।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়া এবং সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
এ উপলক্ষে পূজামণ্ডপের নেতৃবৃন্দ ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুদান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউফল পৌরসভার সাবেক পৌর প্রশাসক ও কেন্দ্রীয় কালীবাড়ির সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা, বাউফল উপজেলা হিন্দু, বৌদ্ধ কল্যাণ ঐক্যফ্রন্টের আহ্বায়ক নিতাই বাবু, সদস্যসচিব রাখাল চন্দ্র দাস এবং ফুলতলা গীতাশ্রমের সভাপতি সুশান্ত সাহা।
এ ছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা উপহার পেয়ে কয়েকটি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, এর আগে কোনো নেতার পক্ষ থেকে উপজেলার সব পূজামণ্ডপে সমানভাবে অনুদান দেওয়ার এমন উদ্যোগ আমরা দেখিনি। এবার সব পূজামণ্ডপে উপহার পেয়ে আমরা আনন্দিত ও অনুপ্রাণিত। আমরা হুমায়ুন কবিরের মঙ্গল কামনা করি এবং তার জন্য আন্তরিক আশীর্বাদ জানাই।
তারা আরও বলেন, ধর্মীয় উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে সনাতন ধর্মাবলম্বীদের উৎসাহ-উদ্দীপনা বাড়ার পাশাপাশি বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হয়।
স্থানীয়দের মতে, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন ধর্মীয় উৎসবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখে।
বাউফলের ৬৬টি পূজামণ্ডপে আর্থিক শুভেচ্ছা উপহার প্রদানের এ উদ্যোগকে কেন্দ্র করে সংশ্লিষ্ট পূজামণ্ডপের নেতৃবৃন্দের মধ্যে সন্তোষ ও উৎসাহ দেখা গেছে।
ভোরের আকাশ/আ.র