চুয়াডাঙ্গায় ১১৫ বছরের বৃদ্ধ পেলেন সরকারি অনুদানে নতুন বাড়ি ও আসবাবপত্র

চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের কবিখালী গ্রামের ১১৫ বছর বয়সী আব্দুল বারী।
জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার বয়স ৯৯ বছর, তবে জীবনসংগ্রাম আর স্মৃতির হিসেবে আব্দুল বারির দাবি, তিনি পার করেছেন ১১৫টি বসন্ত। সময়ের হিসেবে অমিল থাকতে পারে, কিন্তু শতবর্ষী এই মানুষটির বেঁচে থাকার আকুতি ও কঠিন বাস্তবতায় কোনো ভুল নেই। মানুষের হাড়ি-পাতিলের কান্দা জোড়া লাগিয়ে সামান্য যা পান, তাতেই কোনোমতে নিভে পেটের ক্ষুধা।
তার সংগ্রামী জীবনের করুণ কাহিনি নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে তা নজরে আসে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার ও সদর উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্রর।
জেলা ও উপজেলা প্রশাসন তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে বৃদ্ধ আব্দুল বারির কাছে পৌঁছে দেন শুকনা খাবার এবং প্রতিশ্রতি দেন সরকারী ভাবে তার বসবসের জন্য বাড়ি নির্মাণ সহ সংসারের প্রয়োজনীয় সবকিছু করে দেওয়া হবে।
সেই প্রতিশ্রুতি অনুযায়ী সরকারী টিআর প্রকল্পের মাধ্যমে জেলা প্রশাসক লুৎফুন নাহার ১১৫ বছর বয়সী আব্দুল বারিকে একটি শোবার ঘর, একটি রান্না ঘর, একটি বাথরুমসহ সংসারে প্রয়োজনীয় যাবতীয় আসবাবপত্র ক্রয় করে দিয়েছেন।
আজ সোমবার (১৬ নভেম্বর) দুপুর একটার দিকে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বৃদ্ধ আব্দুল বারির কাছে তার বাড়ি সহ যাবতীয় মালামাল হস্তান্তর করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসিফ হায়দার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সহকারী প্রশাসনিক কর্মকর্তা আশরাফুল আলম ও মোমিনপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আশাদুল হক।
জীবনের শেষ সময়ে মাথা গোঁজার ঠাঁই পেয়ে আনন্দ প্রকাশ করেন বৃদ্ধ আব্দুল বারি।
ভোরের আকাশ/রই