শিবগঞ্জে দোকানের শার্টারে বিদ্যুতায়িত হয়ে মা ও মেয়ের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিজ বাড়ির দোকানের গেট খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। মাকে বিদ্যুতের কবল থেকে বাঁচাতে গিয়ে মেয়েও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে হাসপাতালে নেওয়া হলে দুজনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক।
রোববার (২২ নভেম্বর) সকাল ৬টা ৪০ মিনিটের দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের হাউজ নগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মোছা. মিলি (৪৫) ও তাঁর মেয়ে মোছা. লিমু খাতুন (১৭)। তাঁরা ওই গ্রামের বকুল হোসেনের স্ত্রী ও মেয়ে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়ির সামনে অবস্থিত দোকানের গেট খুলতে গিয়ে নিরাপত্তার জন্য লাগানো লোহার রডে হাত দেন মিলি। এ সময় তিনি বিদ্যুতায়িত হন। মায়ের আর্তনাদ শুনে তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে মেয়ে লিমুও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক মা ও মেয়েকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ভোরের আকাশ/সু.পা