নিয়ামতপুরে আমন ধান ঘরে তোলার আগেই বৃষ্টির হানা

নওগাঁর নিয়ামতপুরের প্রত্যন্ত অঞ্চলে মাঠজুড়ে এখন সোনালি আমন ধান। কোথাও পাকা ধানের শিষে ভারী হয়ে নুয়ে পড়েছে গাছ, কোথাও কাটা ধান জমিতেই স্তূপ করে রাখা হয়েছে। আবার কেউ কেউ আগেভাগেই ধান কেটে বাড়ির উঠানে তুলে রেখেছেন। তবে ধান কাটার এই ব্যস্ত মৌসুমে বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টিতে কৃষকদের দুশ্চিন্তা বেড়েছে।
কৃষকদের আশঙ্কা, সময়মতো কষ্টের ফসল ঘরে তুলতে না পারলে বৃষ্টির পানিতে নষ্ট হতে পারে তাদের সারা বছরের পরিশ্রম।
খোঁজ নিয়ে জানা গেছে, নিয়ামতপুর উপজেলার বিভিন্ন এলাকায় এখন রোপা আমন ধান কাটার ধুম চলছে। এরই মধ্যে গত শুক্রবার দুপুর থেকে উপজেলাজুড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। পরে শনিবার রাত থেকে রবিবার সকাল ৯টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় একটানা ভারী বর্ষণ হয়। এতে যেসব কৃষক জমির অধিকাংশ ধান কেটে মাঠে রেখেছেন, তাঁরা পড়েছেন বিপাকে। বৃষ্টির কারণে কাটা ধান শুকানো ও মাড়াই নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। অন্যদিকে, জমিতে থাকা পাকা ধান দ্রুত কাটতে না পারলে বৃষ্টিতে ভিজে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
রবিবার (২২ নভেম্বর) সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকার মাঠ ঘুরে দেখা গেছে, কোথাও জমিতে কাটা ধান স্তূপ করে রাখা হয়েছে, কোথাও পাকা ধানের গাছ নুয়ে পড়েছে। আবার কোনো কোনো কৃষক কষ্ট করে কেটে আনা ধান বাড়ির উঠানে শুকানোর জন্য মেলে দিয়েছেন। নিচু জমিতে কাটা ধানের ওপর দিয়ে বৃষ্টির পানি প্রবাহিত হচ্ছে। এতে পানির স্রোতে ভেসে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে সেইসময় কৃষকদের ধান। তবে রবিবার সকাল ১১টা ২৩ মিনিটের পর থেকে মেঘের আড়াল থেকে সূর্যের উঁকি দেওয়ার দৃশ্যও দেখা যায়।
উপজেলার গাংগইল গ্রামের কৃষক নুরুজ্জামান ও বেনীপুর গ্রামের কৃষক আবুল কাশেমের গল্প টা একই তারা জানান, তাঁদের পৃথক প্রায় ১০ বিঘা জমির ধান কেটে মাঠেই রাখা হয়েছে। বৃষ্টির কারণে সেগুলো বাড়িতে নেওয়া সম্ভব হচ্ছে না। কিছু জমি নিচু হওয়ায় উপরের জমিগুলো থেকে নেমে আসা বৃষ্টির পানি কাটা ধানের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পানির স্রোতে কিছু ধান ভেসে যাচ্ছিল। ধানগুলো রক্ষার জন্য কলার ভেলা তৈরি করে জমির আইলে দিয়ে আটকে রাখার শেষ চেষ্টা করছেন তারা।
তরুণ কৃষক মারুফ হোসেন জানান, তিনি গত বৃহস্পতিবার দুই বিঘা জমির ধান কেটেছিলেন। শুক্রবার থেকে শুরু হওয়া বৃষ্টিতে নিচু জমি হওয়ায় সেই ধানের ওপর দিয়ে পানির স্রোত বইছে। তিনি বলেন, ‘এভাবে আবহাওয়া চলতে থাকলে আমার ধান আর বাড়িতে নেওয়া সম্ভব হবে না।’
এদিকে, গত শনিবার নিয়ামতপুর উপজেলার প্রান্তিক সাপ্তাহিক হাট বেনীপুরে এসে সাধারণ কৃষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। এ সময় প্রতিবেদক নাহিদ হাসানের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বিএনপি সরকার কৃষকদের বন্ধু। আমি নিজেও আমার নির্বাচনী এলাকার কৃষকদের দুঃখ-দুর্দশা দেখছি এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি। ক্ষতিগ্রস্ত কৃষকদের তথ্য সংগ্রহ করছি। আমার প্রাণপ্রিয় নেতা, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নিজেই আমাদের ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন।’
উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘এ বছর উপজেলায় ৩০ হাজার ৪৪০ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা ১ লাখ ৭৬ হাজার ৮২০ মেট্রিক টন। তবে হঠাৎ করে গত তিন দিনের যে বিপৎসংকেত ছিল, তা আগেই বিভিন্ন কৃষককে অবগত করেছি। তারপরও অনেকেই পাকা ধান কেটে জমিতেই রেখেছেন। তবে অতিরিক্ত চিন্তার কিছু নেই। ৪৮ থেকে ৭২ ঘণ্টা কোনো জমিতে পানির নিচে ধান তলিয়ে না থাকলে সেই জমির ধানে অঙ্কুরোদ্গম হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। যে পরিমাণ বৃষ্টি হয়েছে, সেই পানি দ্রুত জমি থেকে বের করার ব্যবস্থা করতে হবে কৃষকদের। আশা করি, আবহাওয়া এখন থেকে ভালো দিকে যাবে। তবে যেসব জমি নিচু, সেসব জমির ধান কাটা থাকলে যেভাবেই হোক বাড়িতে নিয়ে যাওয়াই শ্রেয় হবে। উপজেলা কৃষি অফিস সব সময় কৃষকদের পাশে রয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের তথ্য সংগ্রহ করছি এবং তাঁদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।’
সব মিলিয়ে, মাঠে থাকা পাকা ধান দ্রুত কাটা এবং কেটে রাখা ধান নিরাপদে বাড়িতে নেওয়াই এখন নিয়ামতপুরের কৃষকদের প্রধান চ্যালেঞ্জ। অনুকূল আবহাওয়ার অপেক্ষায় রয়েছেন তাঁরা।
ভোরের আকাশ/সু.পা