ফেনীতে পলাতক আসামি গ্রেফতার

ফেনী জেলা থেকে ইউনুছ নবী বাবু (২০) নামে এক বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে জেলার ফেনী সদর থানাধীন দোয়েল চত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি অভিযানিক দল মঙ্গলবার রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ইউনুছ নবী বাবুকে গ্রেফতার করতে সক্ষম হয় তারা। বাবু চট্টগ্রামের সীতাকুন্ড থানার লাঠিয়াল পাড়া এলাকার বাহার উদ্দিনের ছেলে।
তিনি ফেনী সদর থানায় ২০১৯ সালের ১৬ জুলাই দায়ের হওয়া একটি মাদক মামলার (মামলা নং-৪৩) ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) ধারার সেই মামলায় আদালত তাকে এক বছরের কারাদণ্ড প্রদান করলে তিনি পলাতক হন।
গ্রেফতার ইউনুছ নবী বাবুকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ভোরের আকাশ/মো.আ.