‘মামলার কারণে কোনো শিক্ষক যেনো বিন্দুমাত্র হয়রানি না হয়’

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেছেন শ্রীপুরের ২৯ জন শিক্ষকের নামে মামলা হয়েছে। ওসির সাথে কথা হয়েছে। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলবো মামলার কারণে কোনো একজন শিক্ষকের বিন্দুমাত্র যেনো হয়রানি না হয়।
মামলার কারণে কারও চাকরির ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আমরা কোনো কারনে মামলা কিংবা অন্য কোন কারণে শিক্ষকের হয়রানি হউক আমি তা হতে দিবো না। কোনো যোগ্য মানুষকে বিন্দুমাত্র নির্যাতন করার পক্ষপাতি আমি না।
সোমবার (৫ অক্টোবর) শ্রীপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত শিক্ষক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু আরও বলেন, শিক্ষক মানে সারা জীবনের জন্য শিক্ষক। সকল দলমত সব কিছুর উর্ধ্বে উঠে শিক্ষক শিক্ষকই।শিক্ষকদের রাজনৈতিক প্রভাবমুক্ত থাকতে হবে। শিক্ষকরা সবার জন্য, তারা কোন রাজনৈতিক দলের জন্য নয়।
একটি দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার দ্বায়িত্ব শিক্ষকদের। দীর্ঘ কর্মজীবনে অবসরপ্রাপ্ত শিক্ষকরা শিক্ষা বিস্তার ও সমাজ গঠনে যে অবদান রেখেছেন, তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে। তাদের অভিজ্ঞতা ও মূল্যবোধ নতুন প্রজন্মের শিক্ষকদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বিগত সরকারের ১৭ বছর কমিটি গঠন নিয়ে অনেক ঝামেলা ছিলো। এ বিষয়ে আমার কাছে প্রতিষ্ঠান প্রধানগন আসার পর বলে দিয়েছি, আপনি কাকে নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাকে নিয়েই কমিটি করেন।প্রতিষ্ঠান পরিচালনা করেন।
শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দের বরাত দিয়ে তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। প্রধানমন্ত্রী শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। শিক্ষা খাতে সর্বোচ্চ ৫% বরাদ্দ রেখেছে। সর্বোচ্চ বরাদ্দের পাশাপাশি সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে পে স্কেলে অন্তর্ভুক্ত করেছেন। শিক্ষাকে আধুনিকায়নে কাজ করছে সরকার। তিনি শিক্ষার মানোন্নয়নে বিষয়ে বলেন, শিক্ষকদের মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার গুণগত মানোন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষকদের সম্মান জানানো মানে জাতির ভবিষ্যৎ নির্মাণের সঙ্গে যুক্ত একটি মহান পেশাকে সম্মান জানানো।
শ্রীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আবদুল হান্নান সজল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঁইয়া ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, গাজীপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি ডা. শফিকুল ইসলাম। এছাড়া উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুল কলেজ ও মাদরাসার প্রধান, শিক্ষক নেতৃবৃন্দসহ প্রায় ৭০০ শিক্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, বিশ্ব শিক্ষক দিবস শুধু শিক্ষকদের সম্মান জানানোর দিন নয়, বরং শিক্ষা ও শিক্ষকতার গুরুত্ব নতুন করে উপলব্ধি করারও দিন। একজন শিক্ষক তার জ্ঞান, অভিজ্ঞতা ও নৈতিক মূল্যবোধের মাধ্যমে প্রজন্মের পর প্রজন্মকে আলোকিত করেন। তাই অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে শিক্ষকদের অবদানের স্বীকৃতি হিসেবে গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে ৩০ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়। তাছাড়া বিকালে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
ভোরের আকাশ/আ.র