হ্নীলায় নাফনদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকায় নাফ নদী থেকে গুলিবিদ্ধ অবস্থায় একটি অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
স্থানীয়দের ভাষ্য, শুক্রবার ভোর ছয়টার দিকে জাদিমুরা নাফ নদীতে একটি নৌকার মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় মরদেহটি দেখতে পান তাঁরা। পরে সেটি নৌকা থেকে তীরে নিয়ে আসেন এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে টেকনাফ মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
জাদিমুরা ৯ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ আবদুল আমিন বলেন, সকালে নাফ নদীসংলগ্ন এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। নিহত ব্যক্তির চোখের ওপরের অংশে গুলির আঘাতের চিহ্ন রয়েছে। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকালে জাদিমুরা নাফনদী থেকে গুলিবিদ্ধ অবস্থায় একটি অঙ্গাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির গায়ে গুলির আঘাতের চিহ্ন রয়েছে। তবে এখনো নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, জাদিমুরা-সংলগ্ন নাফ নদী থেকে গুলিবিদ্ধ অবস্থায় একটি অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
ভোরের আকাশ/ এনউব