বরিশালে ইয়াবা-গাঁজাসহ যুবক গ্রেফতার, মূল হোতা পলাতক

বরিশাল নগরীর নতুল্লাবাদ বাঘিয়া সড়ক এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তবে অভিযানের সময় কথিত মূল হোতা মো. রুবেল বেপারী পালিয়ে যেতে সক্ষম হন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বুধবার (১৭ জুন) দুপুর ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। উপ-পরিদর্শক মোঃ জসীমউদ্দীন-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে বিসিসির ২৯ নম্বর ওয়ার্ডের কাশিপুর-নতুল্লাবাদ বাঘিয়া সড়কের একটি ভাড়া বাসায় তল্লাশি চালানো হয়।
অভিযানকালে ওই বাসা থেকে মো. আকবর ঘরামী (২২) নামে এক যুবককে আটক করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং বাসা থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির অভিযোগে নগদ ১৩ হাজার ৪০০ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আকবর ঘরামীর বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব ডুমুরিয়া এলাকায়। অন্যদিকে পলাতক রুবেল বেপারীর বাড়িও একই উপজেলার শাহজিরা গ্রামে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দাবি, রুবেল বেপারী দীর্ঘদিন ধরে নতুল্লাবাদ এলাকায় নিজে এবং সহযোগীদের মাধ্যমে একটি মাদক চক্র পরিচালনা করে আসছিলেন।
এ ঘটনায় আকবর ঘরামী ও পলাতক রুবেল বেপারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বরিশাল এয়ারপোর্ট থানা-এ মামলা দায়ের করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, পলাতক রুবেল বেপারীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ভোরের আকাশ/এসএইচ