অসহায় তিন শিশুর পাশে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক

ঋণের বোঝায় সন্তানদের ফেলে চলে যাওয়া মায়ের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়ালেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলা মঞ্জু, আশ্বাস দিলেন সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করার।অভাবের তাড়না, ঋণের বোঝা আর জীবনের কঠিন বাস্তবতা—সবকিছুর কাছে যেন হার মানতে বসেছিলেন এক অসহায় মা। একপর্যায়ে তিন সন্তানকে ফেলে চলে যাওয়ার হৃদয়বিদারক ঘটনা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই ভিডিও দেখে ব্যথিত হয়েছিলেন অসংখ্য মানুষ। এবার সেই অসহায় পরিবারটির পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিলেন তিনি।
শনিবার ২৮ নভেম্বর বিকেলে প্রশাসক নগরীর সোনাডাঙ্গাস্থ গ্রামীণ আবাসিক এলাকায় ওই তিন শিশুর আবাসস্থলে যান এবং শিশুদের খোঁজখবর নেন। তাদের মায়ের সঙ্গে কথা বলেন এবং পরিবারের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন।
জানা যায়, এনজিওর ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে চরম অসহায়ত্বের মধ্যে ওই মা তাঁর তিন সন্তানকে রেখে চলে যান। সম্প্রতি ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হলে বিষয়টি নজরে আসে সংশ্লিষ্ট মহলের। সংবাদটি জানার পর প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ওই মায়ের সঙ্গে যোগাযোগ করেন এবং তাঁকে সাহস ও অভয় দিয়ে সন্তানদের কাছে ফিরে আসতে উৎসাহিত করেন। পরবর্তীতে তিনি সন্তানদের কাছে ফিরে আসেন। আরও হৃদয়বিদারক বিষয় হলো, ঋণের বোঝা থেকে মুক্তি পেতে এই মা তাঁর জমজ দুই সন্তানকেও বিক্রি করে দিয়েছিলেন বলে জানা গেছে। বিবাহ বিচ্ছেদের কারণে শিশুদের বাবার বর্তমান অবস্থান সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি। সব মিলিয়ে চরম অনিশ্চয়তা ও অসহায়ত্বের মধ্য দিয়ে দিন কাটছিল পরিবারটির।
এমন পরিস্থিতিতে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ওই মাকে আর্থিক সহায়তা প্রদান করেন। একই সঙ্গে শিশুদের ভরণ-পোষণ ও লেখাপড়া যাতে কোনোভাবেই বন্ধ না হয়, সে ল্েয মায়ের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস দেন। তাঁর প্রত্যাশা, মায়ের কর্মসংস্থানের মাধ্যমে পরিবারটি ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসবে এবং শিশুরা একটি নিরাপদ ভবিষ্যৎ পাবে।
প্রশাসকের এই উদ্যোগে আবেগাপ্লুত হয়ে ওই ঋণগ্রস্ত মা প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, একটি পরিবারের গল্প কখনো কখনো সমাজের নির্মম বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এ ব্যাপারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী অনেক মানবিক। কারণ, কোনো শিশুর শৈশব যেন দারিদ্র্য, ঋণের বোঝা কিংবা অসহায়ত্বের কাছে হার না মানে—সেই নিশ্চয়তা তৈরি করাই আমাদের সম্মিলিত দায়িত্ব।
গ্রামীণ আবাসিক কল্যাণ সমিতির সভাপতি গাজী বজলুর রহমান, সাধারণ সম্পাদক গাজী মিজানুজ্জামান তাজ, সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/ এনউব