চাঁপাইনবাবগঞ্জে লাইনে দাঁড়ানো কৃষকদের মিষ্টিমুখ ও বিশৃঙ্খলা এড়ানোর আশ্বাস

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নয়গোলা বাজারে শনিবার(১৪নভেম্বর) সকালে বিএডিসি অনুমোদিত সার ডিলার ‘মেসার্স মীম এগ্রো ট্রেডার্স’-এর পক্ষ থেকে সার নিতে আসা দীর্ঘ লাইনের কৃষকদের মাঝে মিষ্টি বিতরণের ব্যবস্থা করা হয়েছে। লাইনের শৃঙ্খলা বজায় রাখতে এবং কৃষকদের দীর্ঘ অপেক্ষার ক্লান্তি দূর করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিলার প্রতিনিধি। অন্যদিকে, কৃষি বিভাগের দাবি, সারের সংকট নয়, একসঙ্গে চাহিদা বেড়ে যাওয়ায় তৈরি হয়েছে সাময়িক চাপ। অ্যাপের মাধ্যমে সার বিতরণে স্বচ্ছতা আসায় কমছে দীর্ঘ লাইনও।
সারের কোনো সংকট নেই দাবি করে মেসার্স মীম এগ্রো ট্রেডার্সের ডিলার প্রতিনিধি জানান, আউশ ও আমন ধান কাটার পর একসাথে সরিষা, ভুট্টা, আম বাগান এবং পুকুরে সার দেওয়ার চাহিদা তৈরি হওয়ায় সাময়িকভাবে এই দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। কৃষকদের কষ্ট লাঘব এবং সুসম্পর্ক বজায় রাখতেই এই মিষ্টি বিতরণের ব্যবস্থা করা হয়েছে। পর্যাপ্ত সার বরাদ্দ রয়েছে এবং সঠিক নিয়মে অ্যাপসের মাধ্যমে তা বিতরণ করায় কোনো বিশৃঙ্খলা বা অতিরিক্ত সার নেওয়ার সুযোগ নেই।
এদিকে মদর উপজেলার উপ-সহকারী কৃষি অফিসার ম্ঃে ফাহাদ হোসেন বলেন, সার নিতে আসা প্রায় শতাধিক কৃষকের মাঝে পানি ও মিষ্টি বিতরণ এই সুন্দর ব্যবস্থা থাকায় লাইনে ধৈর্য ও শৃঙ্খলা বজায় থাকছে। এছাড়া অ্যাপসের মাধ্যমে সুনির্দিষ্ট পরিমাণে সার বিতরণের ফলে অতিরিক্ত উত্তোলনের সুযোগ থাকছে না। বর্তমানে মাঠের অধিকাংশ ফসলের কাজ শেষ হওয়ায় আগামী ৫ থেকে ১০ দিনের মধ্যে এই দীর্ঘ লাইন আর থাকবে না বলে আশা করা হচ্ছে।
বর্তমানে ২৫ টন ডিএপি সার পর্যাপ্ত লোকবলের মাধ্যমে সুষ্ঠুভাবে বিতরণ করা হচ্ছে এবং আগামী মাসের বরাদ্দও যথাসময়ে পাওয়া যাবে বলে নিশ্চিত করা হয়েছে।
ভোরের আকাশ/ এনউব