গাইবান্ধায় শিক্ষার্থীরা পেল ফলজ গাছের চারা

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নতুন প্রজন্মের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গাইবান্ধার সাদুল্লাপুরে স্বেচ্ছাসেবী সংগঠন জোনার ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি ‘অঙ্কুর’।
এ কর্মসূচির আওতায় বিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার ভাতগ্রাম গার্লস স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির প্রতিপাদ্য ছিল 'অঙ্কুরে অঙ্কুরে বেঁচে থাকুক প্রাণ’।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌরভ হোসাইন। এতে প্রধান অতিথি ছিলেন সিয়াম নার্সারির স্বত্বাধিকারী জিল্লুর রহমান জিল্লু। বক্তব্য দেন জোনার ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান শাওন ও সাধারণ সম্পাদক মাহবুবর রহমান মানিক।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তবে শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না, সেগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও জরুরি। তাই শিক্ষার্থীদের এখন থেকেই বৃক্ষরোপণ ও গাছের যত্ন নেওয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।
পরে কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে অতিথি ও আয়োজক সংগঠনের সদস্যরা বৃক্ষরোপণ করেন।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক, জোনার ফাউন্ডেশনের সদস্য এবং স্থানীয় তরুণদের মধ্যে রিয়ন শেখ, রোহান, রিফাত ও নির্জনসহ অনেকে উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মনোভাব গড়ে তোলা, বৃক্ষরোপণে উৎসাহিত করা এবং সবুজ সমাজ বিনির্মাণের লক্ষ্যেই ‘অঙ্কুর’ কর্মসূচির আয়োজন করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ ও জনকল্যাণে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/রই