নওগাঁয় মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ ৭ জন আটক

নওগাঁ শহরের নুনিয়াপট্টি ও সুইপার কলোনিতে পুলিশের ঝটিকা মাদক বিরোধী অভিযানে ৪০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৩৪ হাজার ৬০০ টাকা সহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ১১ টা থেকে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও নওগাঁ সদর থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, অভিযানে মাদক সংক্রান্ত অভিযোগে মেহরাব আলম ওরফে শরীফ (৩৫) এবং হামিম আলী (২৪) নামে দুজনকে গ্রেপ্তার করা হয় । পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি লাল বালতি থেকে সাদা কাগজে মোড়ানো ১৪৫টি ছোট পুঁটলিতে থাকা ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় । এ সময় মাদক বিক্রির অভিযোগে ৩৪ হাজার ৬০০ টাকাও জব্দ করা হয়।
এ ছাড়া মাদক সেবন ও জনউপদ্রব সৃষ্টির অভিযোগে শাকিল হোসেন (২৬), শামীম ওরফে মজি (২১), মতিউর রহমান (৩৫), রিপন হোসেন (২৮) এবং আলম শাহ ওরফে আসিফকে (২৪) গ্রেপ্তার করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁয় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। নুনিয়াপট্টিতে মাদক বিক্রি বন্ধে জেলা পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
ভোরের আকাশ/সু.পা