গাইবান্ধায় সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা, নিহত ১

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এ সময় দ্রুতগতির একটি থ্রি-হুইলার গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন চালকের সহযোগী, আহত হন আরও একজন। শনিবার (২৬ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম।
এর আগে শুক্রবার (২৫ জুলাই) দিনগত গভীর রাতে উপজেলার কামদিয়া ইউনিয়নের পাঁচবিবি-কামদিয়া সড়কের শাইলট্রি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চালকের সহযোগীর (হেলপার) নাম সাকিবুল ইসলাম (১৪)। তিনি নওগাঁ জেলার গাংগুরিয়া উপজেলার সারাইগাছি গুচ্ছগ্রামের মৃত সেলিম মিয়ার ছেলে। এছাড়া আহত গাড়িচালক রাশেদুন্নবী (১৬) একই এলাকার নজরুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই সড়কে ডাকাতির উদ্দেশে ডাকাতরা সড়কের ধারে থাকা একটি গাছ কেটে রাস্তার ওপর ফেলে রাখে। এ সময় পাঁচবিবি দিক থেকে আসা আম বোঝাই একটি দ্রুতগতির থ্রি-হুইলার সড়কে পড়ে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন চালকের সহযোগী। পরে চালকের চিৎকারে স্থানীয়রা এসে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে বৈরাগীর হাট তদন্ত কেন্দ্রের পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেন এবং আহত চালককে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেনন।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, ওই ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে দস্যুতার চেষ্টায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। অপরাধীদের শনাক্ত করাসহ তাদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যহত রয়েছে।
ভোরের আকাশ/এসএইচ