সিদ্ধিরগঞ্জে ঝগড়া বন্ধ করতে গিয়ে বৃদ্ধকে পিটিয়ে মারার অভিযোগ ।। গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই পক্ষের ঝগড়া বন্ধ করতে গিয়ে ফজলুল হক (৬০) নামে এক বৃদ্ধকে বেধরক পিটিয়ে মারার অভিযোগ উঠেছে। রোববার(১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে বৃদ্ধ ফজলুল হকের মৃত্যু হয়।
এর আগে গত শুক্রবার(১৭ জুলাই) রাত ৮টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল সৈয়দপাড়া ক্যানেলপাড় এলাকার আহসান ভিলার সামনে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় রবিন(৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত ফজলুল হক জামালপুর জেলার মেলান্দহ থানার দেউলাবাড়ি গ্রামের বাসিন্দা। ফতুল্লার একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।গোদনাইল এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এক নারীর সঙ্গে নোবেল শেখ ঝগড়ায় জড়ালে স্থানীয় লোকজন ঝগড়া বন্ধ করার চেষ্টা করেন।
এ সময় বৃদ্ধ ফজলুল হক উভয়কে বুঝিয়ে ঝগড়া বন্ধ ও শান্ত হওয়ার পরামর্শ দেন। এ সময় নোবেল শেখ ক্ষিপ্ত হয়ে মোবাইল ফোনে তার সহযোগীদের ডেকে আনেন। পরে নোবেল শেখ, রবিনসহ তার আরও সহযোগিরা মিলে বৃদ্ধ ফজলুল হককে বেধড়ক মারধর করে। এ সময় বৃদ্ধ ফজলুল হক মারধরে গুরুতর আহত হয়ে পড়লে
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে ভর্তি করেন।
চিকিৎসা শেষে ১৮ জুলাই বাসায় ফিরে। পরদিন রোববার সকালে হঠাৎ রক্তবমি শুরু হলে তার মৃত্যু হয়। অভিযুক্তদের মধ্যে রয়েছেন আবু মিয়ার ছেলে রবিন, রমজান শেখের ছেলে নোবেল শেখ, মোক্তার হোসেনের ছেলে মিলন এবং অজ্ঞাতপরিচয় আরও কয়েকজন। নিহত বৃদ্ধার মেয়ে ফারজানা অভিযোগ করেন, ছোট ভাই ফারুক হত্যা মামলার বাদী ছিলেন তার বাবা।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/এনউব