খাগড়াছড়িতে স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

পার্বত্য খাগড়াছড়ির প্রতিটি মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, দায়িত্বশীলতা এবং সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা স্বাস্থ্য বিভাগের আহ্বায়ক তাছলিমা সিরাজ সিমা।
তিনি বলেছেন, ভৌগোলিক অবস্থান, দুর্গম যোগাযোগব্যবস্থা ও জনবল সংকটের কারণে পার্বত্য অঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা তুলনামূলকভাবে চ্যালেঞ্জিং। তাই এখানকার মানুষের স্বাস্থ্য অধিকার নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। একই সঙ্গে কর্মস্থলের প্রতি আন্তরিকতা ও মানবিক দায়িত্ববোধ নিয়ে স্বাস্থ্যকর্মীদের দুর্গম এলাকার মানুষের পাশে দাঁড়াতে হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. রতন খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা ও উপজেলার স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে তাছলিমা সিরাজ সিমা বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। বিগত প্রায় ১৭ বছরের শাসনামলে স্বাস্থ্য খাতে প্রত্যাশিত উন্নয়ন হয়নি। পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের দুই বছর অতিবাহিত হয়েছে। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করেছে।
তিনি বলেন, গত ১৬ নভেম্বর জাতীয় সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী স্বাস্থ্য খাতের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেছেন। এর মধ্যে দেশের ৫০৩টি উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের উদ্যোগ এবং জরাজীর্ণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর অবকাঠামোগত উন্নয়ন, সংস্কার ও আধুনিকায়নের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
স্বাস্থ্যসেবার অন্যতম বড় প্রতিবন্ধকতা হিসেবে জনবল সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন হাসপাতাল ও সংশ্লিষ্ট কার্যালয় পরিদর্শন করে চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা-কর্মচারীর সংকটের বিষয়টি জানতে পেরেছেন। এ সংকট নিরসনে সরকার নিয়োগ কার্যক্রম এগিয়ে নিচ্ছে। ৪৬তম বিসিএস থেকে ১ হাজার ৬৮২ জন, ৪৭তম বিসিএস থেকে ১ হাজার ৩৩১ জন এবং ৫০তম বিসিএস থেকে ৬৫০ জন চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলছে। পাশাপাশি কয়েক হাজার সিনিয়র স্টাফ নার্স নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।
খাগড়াছড়ির স্বাস্থ্য খাতের উন্নয়নে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতার কথা উল্লেখ করে তাছলিমা সিরাজ সিমা বলেন, সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া জেলার স্বাস্থ্যসেবার উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। তিনি নিয়মিত খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন। পার্বত্য অঞ্চলের ভৌগোলিক ও যোগাযোগগত বাস্তবতা বিবেচনায় এখানকার স্বাস্থ্যসেবা উন্নয়নে বিশেষ পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ প্রয়োজন।
স্বাস্থ্যকর্মীদের কর্মস্থলে দায়িত্ব পালনের বিষয়ে তিনি বলেন, পার্বত্য অঞ্চলে বদলি হয়ে আসার পর অনেক স্বাস্থ্যকর্মী এখানে থাকতে চান না। দ্রুত অন্যত্র বদলি হওয়ার চেষ্টা করেন। আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ, পার্বত্য অঞ্চলকে নিজেদের কর্মস্থল হিসেবে আন্তরিকতার সঙ্গে গ্রহণ করুন। এখানকার হাজার হাজার মানুষও মানসম্মত স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রাখেন। দুর্গম এলাকার মানুষের পাশে দাঁড়ানো আপনাদের মানবিক ও পেশাগত দায়িত্ব।
তিনি আরও বলেন, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সমস্যা ও প্রয়োজনের বিষয়ে জেলা পরিষদ সহযোগিতা করতে প্রস্তুত। সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে জেলার স্বাস্থ্য খাতের উন্নয়নে কাজ করতে চাই। আমিও আমার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে আপনাদের পাশে থাকব।
তাছলিমা সিরাজ সিমা বলেন, আমাদের লক্ষ্য হলো খাগড়াছড়ির প্রতিটি মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। এ লক্ষ্য বাস্তবায়নে জনপ্রতিনিধি, চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা, পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভায় জেলার সার্বিক স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, বিদ্যমান সমস্যা ও জনবল সংকটসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
ভোরের আকাশ/রই