কোতোয়ালী থানার ওসি নাজমুন নূর ডিএমপিতে বদলি

নগরের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূরকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে। দায়িত্ব গ্রহণের প্রায় তিন মাসের মাথায় তাকে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে দেওয়া হলো।
সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জারি করা এক প্রজ্ঞাপনে নাজমুন নূরসহ পাঁচ পুলিশ পরিদর্শককে ডিএমপিতে বদলির কথা জানানো হয়। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বদলির বিষয়টি নিশ্চিত করে ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর বলেন, পুলিশ সদর দপ্তরের আদেশ অনুযায়ী তাকে ডিএমপিতে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে পাঁচ পুলিশ পরিদর্শককে ঢাকা মহানগর পুলিশে পদায়ন করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে নিজ নিজ কর্মস্থল থেকে ছাড়পত্র নিয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে ছাড়পত্র নিয়ে নতুন কর্মস্থলে যোগদান না করলে ২৩ সেপ্টেম্বর থেকে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাৎক্ষণিক অবমুক্ত বা ‘স্ট্যান্ড রিলিজ’ হিসেবে বিবেচিত হবেন বলে আদেশে জানানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ জুন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক দফা রদবদলের সময় আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূরকে কোতোয়ালী থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। এর আগে তিনি সিএমপির লাইনওয়ে পুলিশ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন।
সোমবারের একই প্রজ্ঞাপনে নাজমুন নূর ছাড়াও আরও চার পুলিশ পরিদর্শককে ডিএমপিতে বদলি করা হয়েছে। তাদের মধ্যে গাজীপুর, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং ফরিদপুর জেলা পুলিশের একজন করে কর্মকর্তা রয়েছেন।
নতুন কর্মস্থলে বদলি হওয়া কর্মকর্তাদের দ্রুত দায়িত্ব বুঝে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
ভোরের আকাশ/সু.পা