শ্রীপুরে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আসামি ছিনতাই

গাজীপুরের শ্রীপুরেপুলিশের গাড়িতে হামলা চালিয়ে সুমন শেখ নামে এক সন্ত্রাসীকে ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৫ পুলিশ সদস্য।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে শ্রীপুর পৌরসভার টেংরা রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, অস্ত্র আইনের একাধিক মামলার আসামি সুমন মিয়াকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় তার সহযোগীরা মোটরসাইকেলে এসে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। এ সময় বাধা দিলে হামলাকারীরা পুলিশের ওপর আক্রমণ করে এবং পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করে।
এ ঘটনায় আহত পুলিশ সদস্যরা হলেন, উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নাজমুল ইসলাম (৪০), শাফায়াত ওসমান (৩৪), সহকারী উপপরিদর্শক (এএসআই) এমদাদুল হক খান (৩৭) শহিদুল ইসলাম (৩৮), এমদাদাদুল হক (৪৮)। তাদেরকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ প্রথমে ত্রিমোহনী ব্রিজ এলাকা থেকে সন্ধ্যা ৭টার দিকে মুজাহিদ ওরফে সুমনকে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ উপস্থিত হয়। সুমনকে নিয়ে আসার পথে তার সহযোগীরা কয়েক দফা হামলার পর আসামিকে ছিনিয়ে নেয়। তাদের হামলায় এসআই এবং এএসআইসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ