চাঁদপুরে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন সাংবাদিকরা

চাঁদপুরে সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় আয়োজিত মেডিকেল ক্যাম্পে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক এবং তাঁদের পরিবারের সদস্যরা এ সেবা গ্রহণ করেন।
চাঁদপুর প্রেস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। ক্যাম্পে সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
চিকিৎসাসেবা কার্যক্রমে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল, মাজহারুল হক চক্ষু হাসপাতাল ও চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা অংশ নেন।
আয়োজকরা জানান, চলতি বছরে চাঁদপুর প্রেস ক্লাবের উদ্যোগে এটি দ্বিতীয়বারের মতো বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম। সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান, মেডিকেল অফিসার সৈয়দ আহমেদ কাজল, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এমএ লতিফ, সাবেক সভাপতি কাজী শাহাদাত ও শরীফ চৌধুরীসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
ভোরের আকাশ/রই