মুজিবনগরে খোয়া ভাঙা গাড়ি উল্টে শ্রমিক নিহত

মেহেরপুরের মুজিবনগরে খোয়া ভাঙার গাড়ি উল্টে লিখন হোসেন (২৭) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রামের করাতকল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় লিখন হোসেনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। নিহত লিখন হোসেন মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের খানপুর গ্রামের খোকন মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার সকালে মুজিবনগর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক সমিতির কার্যালয় থেকে খোয়া ভাঙার একটি গাড়ি নিয়ে কয়েকজন শ্রমিক আনন্দবাস গ্রামের উদ্দেশে রওনা হন। পথে বল্লভপুর গ্রামের করাতকল এলাকায় পৌঁছালে গাড়িটির সামনের চাকার এক্সেল ভেঙে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে গেলে লিখন হোসেন সেটির নিচে চাপা পড়েন।
পরে স্থানীয়রা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে লিখন হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ভোরের আকাশ/সু.পা