বকেয়া আদায়ে কঠোর চট্টগ্রাম ওয়াসা, গোলপাহাড়ে বিচ্ছিন্ন ২ সংযোগ

বকেয়া পানির বিল আদায়, অবৈধ সংযোগ উচ্ছেদ এবং অনুমোদনহীন গভীর নলকূপের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে চট্টগ্রাম ওয়াসা। এর অংশ হিসেবে মঙ্গলবার (১৭ নভেম্বর) নগরীর গোলপাহাড় মোড় এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে বকেয়া বিল পরিশোধ না করায় দুটি পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসব সংযোগের বিপরীতে মোট বকেয়া রয়েছে ১০ লাখ টাকা। একই অভিযানে চারটি গভীর নলকূপকে লাইসেন্সের আওতায় আনার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এ ছাড়া অভিযানের মাধ্যমে আদায় করা হয়েছে মোট তিন লাখ টাকা।
চট্টগ্রাম ওয়াসার রাজস্ব আদায় কার্যক্রম গতিশীল করতে রাজস্ব ও প্রকৌশল বিভাগের সমন্বয়ে আটটি বিশেষ মনিটরিং টিম মাঠপর্যায়ে কাজ করছে। নির্বাহী প্রকৌশলী, রাজস্ব কর্মকর্তা, রাজস্ব তত্ত্বাবধায়ক ও মিটার পরিদর্শকদের সমন্বয়ে গঠিত এসব দল নিয়মিত বকেয়াধারী গ্রাহকদের বাসা ও প্রতিষ্ঠানে গিয়ে বিল আদায়ের কার্যক্রম পরিচালনা করছে। পুরো কার্যক্রম তদারকি করছেন সংস্থাটির উপব্যবস্থাপনা পরিচালক (অর্থ)।
মঙ্গলবারের মোবাইল কোর্ট পরিচালনায় নেতৃত্ব দেন চট্টগ্রাম ওয়াসার প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে। তিনি জানান, বকেয়া রাজস্ব আদায়ের পাশাপাশি অবৈধ পানির সংযোগ এবং লাইসেন্সবিহীন গভীর নলকূপের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওয়াসার রাজস্ব সুরক্ষা এবং সেবাব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, উৎপাদন ও পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় সংস্থাটিকে আর্থিক চাপ মোকাবিলা করতে হচ্ছে। এ অবস্থায় গ্রাহকদের বকেয়া বিল পরিশোধে এগিয়ে আসা জরুরি। একই সঙ্গে অনুমোদন ছাড়া গভীর নলকূপ স্থাপন না করে যথাযথ লাইসেন্স গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
বকেয়া আদায়ে মাঠে আটটি দল: ওয়াসা সূত্র জানায়, ২০ হাজার টাকার বেশি বিল বকেয়া রয়েছে এমন গ্রাহকদের অগ্রাধিকার দিয়ে আদায় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মনিটরিং টিমের সদস্যরা গ্রাহকদের সঙ্গে সরাসরি কথা বলে বকেয়া পরিশোধে উদ্বুদ্ধ করছেন। আলোচনার মাধ্যমে বিল আদায় সম্ভব না হলে বিধি অনুযায়ী সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পরবর্তী সময়ে সরকারি রাজস্ব আদায়ে প্রচলিত আইন ও বিধিবিধান অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে বকেয়া পরিশোধে গ্রাহকদের সচেতন করতে গত জুলাই মাস থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ডে প্রচারণা চালাচ্ছে চট্টগ্রাম ওয়াসা। মাইকিং ও লিফলেট বিতরণের মাধ্যমে পানির বিল নিয়মিত পরিশোধের পাশাপাশি অবৈধ সংযোগ ব্যবহার না করার বিষয়ে জনসচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
অবৈধ সংযোগ ও নলকূপের বিরুদ্ধে ব্যবস্থা: চট্টগ্রাম ওয়াসার অনুমোদন ছাড়া পানির সংযোগ গ্রহণকারীদের চিহ্নিত করে আইন অনুযায়ী জরিমানা এবং বৈধ গ্রাহক হিসেবে নিবন্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংস্থাটির মতে, অবৈধ সংযোগের কারণে পানির রাজস্ব আদায়ে ঘাটতি তৈরি হচ্ছে এবং সিস্টেম লস বাড়ছে। তাই জরিমানা পরিশোধের মাধ্যমে এসব সংযোগ বৈধ করার সুযোগ দেওয়া হচ্ছে।
ভোরের আকাশ/ এনউব