সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা
প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা ও বানোয়াট’ দাবি টোয়াসের

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টার অভিযোগে প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন (TOAS)।
সংগঠনটির সাধারণ সম্পাদক শাহ জামান খান পপ্পু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন গণমাধ্যমে ‘সুন্দরবনে ট্যুরিস্ট জাহাজে ডাকাতির চেষ্টা’ শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা টোয়াসের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুন্দরবনের পর্যটক ও পর্যটন নিরাপদ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে তারা আশা করেন। টোয়াসের নিবন্ধিত কোনো পর্যটকবাহী নৌযানে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি বলেও দাবি করা হয়েছে।
পর্যটন মৌসুমকে সামনে রেখে একটি মহল পরিকল্পিতভাবে সুন্দরবনের পর্যটনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে প্রকাশিত ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ দ্রুত প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানিয়েছে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন। পাশাপাশি সঠিক তথ্য যাচাই করে সংবাদ পরিবেশনের জন্য দায়িত্বশীল সাংবাদিকদের প্রতিও অনুরোধ জানানো হয়েছে।
ভোরের আকাশ/ইউএম