ব্রাহ্মণবাড়িয়ায় বিষ প্রয়োগে খামারির ৩ হাজার হাঁস হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের টেকানগর গ্রামে খাবারে বিষ প্রয়োগে ৩ হাজার হাঁস মেরে ফেলার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের টেকানগর গ্রামসংলগ্ন হাওড়ের চরের তিনটি খামারে ঘটনাটি ঘটেছে।
ক্ষতিগ্রস্ত খামারি মো. শামসু মিয়া উপজেলার সদর ইউনিয়নের টেকানগর গ্রামের বাসিন্দা।
অভিযোগে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে শনিবার রাত ৯টার দিকে পরিকল্পিতভাবে খামারে ঢুকে হাঁসের খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দিয়ে পালিয়ে যাওয়ার সময় হাঁস খামারি তাদের চিনে ফেলে। এর মধ্যে বিষ মেশানো পানি ও ধান খেয়ে খামারে থাকা হাসগুলোর মধ্যে ৩ হাজারের উপর হাঁস মারা যায়। এতে খামারির প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন খামারি সামছু মিয়া।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘ দশ বছর ধরে হাঁসের খামারের ব্যবসা করে আসছিলেন খামারি শামসু মিয়া। এনজিও আশা, ব্রাক ও কৃষি ব্যাংক থেকে প্রায় ২৫ লাখ টাকা ঋণ নিয়ে খামার পরিচালনা শুরু করেন শামসু মিয়া। গত শুক্রবার রাত আনুমানিক ৮টার সময় বাড়ি থেকে খামারে এসে দেখতে পান হাঁসগুলো মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে। হাঁসের খাবারের পাত্রে বুলেট ট্যাবলেটের তীব্র গন্ধ অনুভব করেন। পরে পাশাপাশি তার আরো দুটি খামারে গিয়ে তিনি একই দৃশ্য দেখতে পান। এ সময় তিনি একজন লোককে দৌড়ে পালাতে দেখেন বলেও জানান।
খামারের কর্মী মো. আব্দুর রহমান জানান, প্রতিদিনের মত আমি হাঁসগুলোকে খামারে রেখে, খাবার দিয়ে বাড়িতে গিয়েছিলাম গোসল করতে ও খাবার খেতে। খাবার খেয়ে এসে দেখি বেড়া দেওয়া জাল উল্টানো, বুলেটের তীব্র গন্ধ। এ সময় আমি একজনকে দৌড়ে পালাতে দেখেছি।
ক্ষতিগ্রস্ত খামারি মো. শামসু মিয়া বলেন, আশা, ব্রাক ও কৃষি ব্যাংক থেকে ঋণ নিয়ে আমি খামার দিয়েছি। বুলেট দিয়ে আমার হাঁসগুলো মেরে ফেললো। রাত থেকে মরা শুরু হয়েছে, এখনও মরতাছে। আমি এখন কি করব? অনেক টাকা ঋণ নিয়ে খামার দিয়েছিলাম, সে টাকা কীভাবে দিব?
নাসিরনগর উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শুভজিৎ পাল বলেন, বিষ প্রয়োগে খামারির হাঁস মেরে ফেলার বিষয়টি কেউ আমাদেরকে জানায়নি।
এ বিষয়ে সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে 'দৈনিক ভোরের আকাশ' এর জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম সুমন থানায় ফোন করলে নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. তানভীর আহমেদ বলেন, 'ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'
ভোরের আকাশ/মো.আ.