নড়াইলে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

নড়াইল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য আয়োজনে উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
‘সৃজনশীলতা ও বিশ্লেষণধর্মী চিন্তাা সৃষ্টিতে গুরুত্বারোপ এবং সুশিক্ষায় মেধাবী শিক্ষক’ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন “উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী পুরস্কার” এবং “সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার” প্রদানের লক্ষ্যে এডুকেশনাল এক্সিলেন্স সার্পোট স্কিমের আয়োজনে ও সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম. রাহসিন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন নড়াইল জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো: মোস্তাফিজুর রহমান আলেক, জেলা শিক্ষা অফিসার মো: জামাল উদ্দিন।
অন্যান্যের মধ্যে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান মল্লিক, জেলা শিক্ষা অফিসের গবেষনা কর্মকর্তা বিকাশ কুসুম চক্রবর্তীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম. রাহসিন কবির বলেন, তরুণদের উদ্ভাবনী চিন্তা, বৈজ্ঞানিক অনুসন্ধান এবং উদ্যোক্তা মনোভাব বিকাশের লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন। বর্তমান সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও কর্মমুখী, উৎপাদনমুখী এবং সময়োপযোগী করে গড়ে তুলতে বদ্ধ পরিকর। শিক্ষার্থীদের ব্যক্তিগত দক্ষতা ও নৈপুণ্যের উন্নয়নসহ নানা উপায়ে আনন্দময় শিক্ষার মাধ্যমে ভবিষ্যতের সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে। শিক্ষার্থীদের মুখস্থনির্ভরতা থেকে বের হয়ে গঠনমূলক সৃজনশীলতা ও বিশ্লেষণধর্মী চিন্তা ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ করতে এ কর্মসূচি পালিত হচ্ছে।
জেলার লোহাগড়া এবং কালিয়াতেও উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
ভোরের আকাশ/ইউএম