টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

"পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবো চারপাশ, ডেঙ্গুমুক্ত দেশ সবার অঙ্গীকার”—এই স্লোগানকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে টাঙ্গাইল জেলা পরিষদের উদ্যোগে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
বৃহস্পতিবার(২৪সেপ্টেম্বর) দুপুরে জেলা পরিষদ, টাঙ্গাইলের আয়োজনে এ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসির।
এ সময় অ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসির বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিজেদের বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও পানি জমতে দেওয়া যাবে না। ডেঙ্গুর বিস্তার রোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।
তিনি আরো বলেন, আমরা সবাই পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবো। আমাদের চারপাশ পরিষ্কার রাখবো এবং ডেঙ্গুমুক্ত দেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করবো।
অভিযানের অংশ হিসেবে বিভিন্ন স্থানে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না সহ জেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/ এনউব