আড়াইহাজার শহীদ মিনার চত্বরে যানবাহনের পার্কিং, ক্ষুব্ধ স্থানীয়রা

নারায়ণগঞ্জের আড়াইহাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর এখন বিভিন্ন ধরনের যানবাহনের পার্কিংস্থলে পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত শহীদ মিনার প্রাঙ্গণে মোটরসাইকেল, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন পার্ক করে রাখা হচ্ছে।
স্থানীয়রা জানান, শহীদ মিনার শুধু ভাষাশহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর স্থান নয়, এটি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেরও গুরুত্বপূর্ণ কেন্দ্র। কিন্তু দীর্ঘদিন ধরে চত্বরে যানবাহন পার্কিং করায় এর স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অনুষ্ঠান আয়োজন করতে এসে পর্যাপ্ত জায়গা না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
এ ছাড়া বিকেলে স্থানীয় বাসিন্দারা শহীদ মিনার চত্বরে এসে অবসর সময় কাটাতে পারছেন না। ফলে অনেকেই বাধ্য হয়ে আশপাশের রাস্তা ও ফুটপাতে সময় কাটাচ্ছেন।
স্থানীয় বাজারের ব্যবসায়ী আব্দুল আহাদ বলেন, শহীদ মিনার চত্বর থেকে যানবাহনের পার্কিং সরিয়ে এটিকে জনসাধারণের ব্যবহারের উপযোগী করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানাচ্ছেন তারা।
এ বিষয়ে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুর রহমানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
স্থানীয়দের দাবি, দ্রুত শহীদ মিনার চত্বর থেকে অবৈধ ও অনিয়ন্ত্রিত যানবাহন পার্কিং বন্ধ করে জায়গাটির স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হোক।
ভোরের আকাশ/জেআ