বাউফলে খোলা জায়গায় বিক্রি হচ্ছে খাবার
স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থী ও পথচারীরা

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের প্যাদা রোড এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খোলা জায়গায় বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের খাবার। জিলাপি, আমিতিসহ মিষ্টিজাতীয় এসব খাবারের ওপর অবাধে বসছে মশা-মাছি। পাশাপাশি ধুলাবালিতে দূষিত হচ্ছে খাবার। এতে স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, পথচারীসহ সাধারণ মানুষ।
রবিবার (২২ নভেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্যাদা রোড এলাকায় কয়েকটি দোকানে খোলা অবস্থায় বিভিন্ন ধরনের খাবার বিক্রি করা হচ্ছে। খাবারগুলো ঢেকে না রাখায় সেগুলোর ওপর মশা-মাছি বসছে। স্বাস্থ্যসম্মত উপায়ে খাবার সংরক্ষণ ও বিক্রির বিষয়েও উদাসীনতা দেখা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন এসব দোকান থেকে স্কুল-কলেজের শিক্ষার্থী ও পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ খাবার কিনে খেয়ে থাকেন। কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশে এসব খাবার বিক্রির কারণে খাদ্যবাহিত বিভিন্ন রোগের ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।
স্থানীয়দের অভিযোগ, খোলা, পচা ও বাসি খাবার বিক্রি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি প্রয়োজন। কিন্তু উপজেলা স্যানিটারি ইন্সপেক্টরের নিয়মিত নজরদারি না থাকায় ব্যবসায়ীরা অনেকটা অবাধে এসব খাবার বিক্রি করছেন।
এ বিষয়ে বাউফল উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এম এম শাহাবুদ্দিন বলেন, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানাবেন। পাশাপাশি এ ধরনের খাবার বিক্রি বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ব্যবস্থা করবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ বলেন, স্যানিটারি ইন্সপেক্টর বিষয়টি নিয়ে তাঁর সঙ্গে আলোচনা করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সচেতন মহলের দাবি, জনস্বাস্থ্য সুরক্ষায় অবিলম্বে এসব দোকানে অভিযান পরিচালনা, খাবারের মান পরীক্ষা এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নিয়মিত তদারকির মাধ্যমে খোলা, পচা ও বাসি খাবার বিক্রি বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
ভোরের আকাশ/ এনউব