রায়পুরে মাটির নিচে পুঁতে রাখা দুধের কৌটায় মিলল শক্তিশালী আইইডি বোমা

লক্ষ্মীপুরের রায়পুরে মাটির নিচে পুঁতে রাখা দুটি দুধের কৌটার ভেতরে একাধিক শক্তিশালী আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বোমার সন্ধান পাওয়া গেছে।
বুধবার (১১ নভেম্বর) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে কৌটাগুলোর ভেতরে বিস্ফোরক থাকার বিষয়টি নিশ্চিত করেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর)সকাল ১১টায় বোমাগুলো নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে মঙ্গলবার বিকেলে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের মৃত আবু তাহের সিকদারের ভাড়া দেওয়া বাড়ির উঠোনে মাটির গর্ত থেকে দুধের কৌটা দুটি উদ্ধার করে পুলিশ।
বিস্ফোরণের আশঙ্কায় দুর্ঘটনা এড়াতে উদ্ধারের পর থেকেই বাড়িটি ঘিরে সার্বক্ষণিক পুলিশি পাহারা বসানো হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী বিষয়টি ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দলকে জানানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ নভেম্বর খাসেরহাট বাজারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি এবং তিনজনকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত সাইফুল ইসলাম সুজন ওই বাড়িতে ভাড়া থাকতেন।
তার বাড়ি ভোলা সদর এলাকায় বলে জানা গেছে। সোমবার তার ব্যবহৃত একটি কক্ষ থেকে বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে বাড়ির উঠোনে মাটির নিচে পুঁতে রাখা দুধের কৌটা দুটি উদ্ধার করা হলে সেগুলো ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা জানান, প্রায় দুই মাস ধরে সাইফুল ইসলাম সুজনসহ কয়েকজন ওই বাড়িতে ভাড়া থাকতেন। বাড়ির চারপাশ বাঁশ ও সুপারির পাতা দিয়ে ঘিরে রাখা হয়েছিল।
বাইরের লোকজনের যাতায়াত সীমিত করতে প্রবেশপথও তৈরি করা হয়। প্রতিবেশীদের সঙ্গে তাদের তেমন যোগাযোগ ছিল না। ফলে স্থানীয় অনেকেই তাঁদের পরিচয় সম্পর্কে জানতেন না।
বাড়ির একটি কক্ষ থেকে বোমা তৈরির সরঞ্জাম এবং উঠোনে পুঁতে রাখা কৌটায় বিস্ফোরক পাওয়ার খবরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তার স্বার্থে বাড়িটির আশপাশে পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে।
এ বিষয়ে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দলের পুলিশ পরিদর্শক মুদাচ্ছের কায়সারের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁঞা জানান, উদ্ধার হওয়া দুটি দুধের কৌটার ভেতরে একাধিক শক্তিশালী আইইডি বোমা রয়েছে বলে বোমা নিষ্ক্রিয়করণ দলের কর্মকর্তারা প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন।
আজ সকাল ১১টার দিকে সেগুলো নিষ্ক্রিয় করার কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। ঘটনাস্থলে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন রয়েছে। এর আগে একই বাড়ির একটি কক্ষ থেকে বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
ভোরের আকাশ/ইউএম