শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের এক মাস কারাদণ্ড

চাঁদপুরের শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে মো. শাহাদাত হোসেন (২২) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার আহমদনগর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত শাহাদাত হোসেন শাহরাস্তি উপজেলার দেবকরা গ্রামের মেহের দক্ষিণ এলাকার মৃত জসীম উদ্দীনের ছেলে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা ৭টার দিকে আহমদনগর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান। এ সময় মাদক সেবনরত অবস্থায় শাহাদাত হোসেনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানকালে খিলাবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান বলেন, সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। মাদক কারবারি ও সেবীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি স্থানীয় জনগণকে মাদকবিরোধী কার্যক্রমে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
ভোরের আকাশ/জেআ