গাইবান্ধায় মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে পুলিশ সদস্য নিহত
গাইবান্ধা সদর উপজেলায় অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আশরাফুল আলম নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার রামচন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল রংপুরের পীরগঞ্জ থানার কনস্টেবল পদে চাকরিরত ছিলেন। তার বাড়ি পলাশবাড়ী উপজেলার ভেলকূপা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে একটি অটোরিকশা দ্রুত গতিতে যাচ্ছিল। এরই মধ্যে অপরদিকে থেকে আসা আশরাফুল আলমের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আশরাফুল আলমের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ভোরের আকাশ/এসএইচ