সৌদি প্রবাসীর ভবন ভাঙচুর ও নির্মাণ সামগ্রী লুট
চকরিয়া থানার ওসিসহ ৭ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা

কক্সবাজারের চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান, পাঁচ উপপরিদর্শক (এসআই) ও পুলিশের কথিত এক সোর্সসহ সাতজনের বিরুদ্ধে সৌদিপ্রবাসীর নির্মাণাধীন ভবন ভাঙচুর এবং নির্মাণসামগ্রী লুটের অভিযোগে আদালতে মামলা হয়েছে। মামলাটি আমলে নিয়ে আগামী ২১ ডিসেম্বরের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য বান্দরবানের পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন আদালত।
গত সোমবার (২৩ নভেম্বর) বান্দরবানের লামা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন আলম সাইর। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কবির হোসেন শান্ত মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ১৬ নভেম্বর দিবাগত রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত লামা উপজেলার ফাইতং এলাকায় সৌদিপ্রবাসী রিয়াদের নির্মাণাধীন একটি ভবনে অভিযান চালান অভিযুক্তরা। আসামি খোঁজার কথা বলে সড়কের দুই পাশে ব্যারিকেড দিয়ে ভবনটিতে ভাঙচুর চালানো হয়। এ সময় ভবনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি লোহার রড, দরজা, সিমেন্টসহ বিভিন্ন নির্মাণসামগ্রী ট্রাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের দাবি, সৌদিপ্রবাসী রিয়াদ প্রায় পাঁচ বছর ধরে ভবনটি নির্মাণ করছেন। তবে চকরিয়া থানার ওসি আরিফুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমানের দাবি, স্থাপনাটি তৌহিদ নামের এক শীর্ষ সন্ত্রাসীর বাড়ি।
অন্যদিকে, ঘটনাস্থল থেকে মাত্র ৩০০ গজ দূরে ফাইতং পুলিশ ফাঁড়ির অবস্থান হলেও অভিযানের বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন ফাঁড়ির ইনচার্জ। পুলিশের অভিযানের বিষয়ে ফাঁড়ির দায়িত্বশীল কর্মকর্তার এমন বক্তব্য নিয়েও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
মামলায় চকরিয়া থানার ওসি আরিফুর রহমান ছাড়াও এসআই শিমুল দাশ, এসআই তামিম, এসআই আবছার, এসআই মনির, এসআই নাছির এবং পুলিশের কথিত সোর্স বাসুকে আসামি করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী, অভিযোগের বিষয়ে তদন্ত শেষে আগামী ২১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে বান্দরবানের পুলিশ সুপারকে।
ভোরের আকাশ/ এনউব