রায়গঞ্জে অডিট চলাকালে গ্রামীণ ব্যাংক ম্যানেজারের আত্মহত্যা

সিরাজগঞ্জের রায়গঞ্জে অডিট চলাকালে গ্রামীণ ব্যাংকের নিমগাছী শাখার ব্যবস্থাপক মো. আব্দুস সালাম (৫০) কীটনাশকযুক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় ৭টার দিকে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী এলাকায় এ ঘটনা ঘটে। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে আব্দুস সালামের মৃত্যু হয়।
সহকর্মী ও স্থানীয় সূত্রে জানা যায়, "কয়েক দিন ধরে শাখাটিতে অডিট চলছিল। এ সময় আব্দুস সালাম মানসিক চাপ ও হতাশায় ছিলেন। ঘটনার পর অডিট কমিটির সদস্যদের ব্যাংকের কর্মী ও স্থানীয়রা অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায়। তবে অডিটের চাপের কারণে আব্দুস সালাম আত্মহত্যা করেছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।"
রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান বলেন, অডিট কমিটির তিন সদস্যকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/ইউএম