বাসাইলে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

শারদীয় দুর্গাপূজা-২০২৬ নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে টাঙ্গাইলের বাসাইলে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বাসাইল থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি, সাধারণ সম্পাদক ও রাজনৈতিক সূধীজন এবং পূজারীরা অংশ নেন।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বক্তব্য রাখেন বাসাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ইকবাল হোসেন, সহকারী পুলিশ সুপার (সখীপুর সার্কেল) এ,কে এম মামুনুর রশীদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, সাবেক সভাপতি এনামুল করিম অটল, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, উপজেলা পূজা উদযাপন কমিটির আহবায়ক ডা: হরিমোহন সরকার, সদস্য সচিব ভজন কুমার সরকার, সৈদামপুর পূজামণ্ডপের সভাপতি সুকুমার।
এ সময় বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান মুনসীফ, বাসাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম, বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলার ৮১টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় পূজামণ্ডপগুলোতে পর্যাপ্ত সিসি ক্যামেরা স্থাপন ও সার্বক্ষণিক সচল রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি সতর্কতা, সমন্বয় ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে পূজা চলাকালে মণ্ডপে শৃঙ্খলা বজায় রাখা, প্রশাসনের নির্দেশনা মেনে চলা এবং কোনো সমস্যা দেখা দিলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পূজামণ্ডপগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাসাইল থানার এসআই ফরিদ আহমেদ।
ভোরের আকাশ/ এনউব