বরিশালে হারানো ৩২টি মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর

বরিশালে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৩২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) বরিশাল জেলা পুলিশের আইসিটি অ্যান্ড মিডিয়া (সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল) শাখার উদ্যোগে তথ্যপ্রযুক্তির সহায়তায় উদ্ধার করা মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
বরিশাল জেলা পুলিশের পুলিশ সুপার এ.জেড.এম. মোস্তাফিজুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত এ কার্যক্রমে হারানো মোবাইলগুলো দেশের বিভিন্ন স্থান থেকে শনাক্ত ও উদ্ধার করা হয়।
মোবাইল ফোন ফিরে পেয়ে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ভুক্তভোগীরা। অনেকেই জানান, মোবাইল ফোনের সঙ্গে তাদের গুরুত্বপূর্ণ তথ্য, ছবি, যোগাযোগের মাধ্যম এবং নানা স্মৃতি জড়িয়ে ছিল। হারিয়ে যাওয়ার পর সেগুলো ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন। পুলিশের উদ্যোগে ফোনগুলো ফিরে পেয়ে তারা আনন্দিত।
জেলা পুলিশ জানায়, জনগণের সেবা ও আস্থা অর্জনে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার এ উদ্যোগও তারই অংশ।
এ বিষয়ে পুলিশ সুপার এ.জেড.এম. মোস্তাফিজুর রহমান বলেন, জনগণের জানমাল রক্ষার পাশাপাশি তাদের হারানো সম্পদ উদ্ধারে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
বরিশাল জেলা পুলিশ জানিয়েছে, জনগণের সেবায় তারা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ এবং মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে।
ভোরের আকাশ/এম