পাথরঘাটায় বিএনপির তিন দিনের কর্মসূচি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কথিত আগুন সন্ত্রাস ও সহিংসতার প্রতিবাদে বরগুনার পাথরঘাটায় তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে উপজেলা ও পৌর বিএনপি। আগামী ২৮ নভেম্বর বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে শুরু হবে এ কর্মসূচি।
বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টায় পাথরঘাটা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পাথরঘাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপের প্রতিনিধি ও তরুণ রাজনীতিবিদ সোলায়মান সাদিক।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ২৮ নভেম্বর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। ২৯ নভেম্বর পাথরঘাটা বাজারের গোলচত্বরে প্রতিবাদ সমাবেশ এবং ৩০ নভেম্বর সহিংসতার ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পাথরঘাটা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হারুন-অর-রশিদ চাপরাশি, সাবেক সভাপতি শাহাবুদ্দিন সাকু, সাবেক যুগ্ম আহ্বায়ক এরফান আহমেদ সোয়েন, উপজেলা ছাত্রদলের সভাপতি কেএম হাসিবুল্লাহ, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম শরীফ এবং উপজেলা মহিলা দলের সভাপতি ইসরাত জাহান শিরিনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।
এ ছাড়া উপজেলা ও পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ জানান, জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনির দিকনির্দেশনায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
ভোরের আকাশ/সু.পা