সড়কে চাঁদাবাজির অভিযোগে যুবক আটক

লক্ষ্মীপুরে গভীর রাতে সড়কে ট্রাক থামিয়ে চাঁদাবাজির অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবকের নাম জাকির হোসেন।
পুলিশের দাবি, আটকের সময় তাঁর গায়ে লক্ষ্মীপুর পৌরসভার টোল আদায়ের পোশাক ছিল।
বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাঁর বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
পুলিশ সূত্র জানায়, জাকির হোসেন সড়কে দাঁড়িয়ে চলন্ত ট্রাক থামিয়ে চালকদের কাছ থেকে চাঁদা আদায় করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকেই তাঁকে হাতেনাতে আটক করা হয়।
পরে তাঁকে লক্ষ্মীপুর সদর মডেল থানায় নেওয়া হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, সড়কে চাঁদাবাজির সময় এক যুবককে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ভোরের আকাশ/ র.ই