কুষ্টিয়া হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

কুষ্টিয়ায় থামছে না হামের প্রকোপ। আরও এক শিশুর মৃত্যু । ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৭ হামে বিপর্যস্ত কুষ্টিয়া ৪ মাসে প্রাণ গেল ৯ শিশুর।
হাসপাতালে উপচে পড়া ভিড় কুষ্টিয়ায় হামের প্রাদুর্ভাব ক্রমেই উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। জেলায় গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
এ নিয়ে গত চার মাসে জেলায় মোট ৯ জন শিশুর প্রাণহানি ঘটল হামে। এছাড়া গত এক দিনে জেলায় সর্বোচ্চ ৪৭ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (০৪ মে) কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সর্বশেষ মৃত শিশুটি মেহেরপুর সদর উপজেলার আলমপুর গ্রামের রাব্বির ৭ মাস বয়সী সন্তান আয়ান।
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, শিশুটি হামের তীব্র উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল এবং রোববার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলায় রেকর্ড ৪৭ জন রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছরে এটিই একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির সংখ্যা। বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের প্রচণ্ড চাপ তৈরি হয়েছে।
চলতি বছরে কুষ্টিয়ায় হামের প্রাদুর্ভাব বাড়ার পর থেকে এ পর্যন্ত মোট ১০২৪ জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৬৮ জন।
তবে আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত ঊর্ধ্বমুখী হওয়ায় স্থানীয় অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের সময়মতো টিকা না দেওয়া এবং অসচেতনতাই এই সংক্রমণের প্রধান কারণ হতে পারে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সিভিল সার্জন কার্যালয় থেকে বিশেষ সতর্কতা ও টিকাদান কর্মসূচির ওপর জোর দেওয়া হচ্ছে।
ভোরের আকাশ/ র.ই