রায়গঞ্জে জাতীয় সমবায় পুরস্কার পেল তিন প্রতিষ্ঠান ও এক ব্যক্তি

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় সমবায় পুরস্কার-২০২৫-এ সাফল্য অর্জনকারী তিনটি সমবায় সমিতি ও একজন সফল সমবায়ীকে সম্মাননা দেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকালে ‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে উপজেলা সমবায় কার্যালয় ও সমবায়ীদের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক। সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলামসহ বিভিন্ন সমবায়ী সংগঠনের নেতাকর্মী ও সদস্যরা উপস্থিত ছিলেন।
জাতীয় সমবায় পুরস্কার-২০২৫-এ শ্রেষ্ঠ সমবায় সমিতি ক্যাটাগরিতে প্রথম হয়েছে গুডনেইবারস রায়গঞ্জ মহিলা সমবায় সমিতি লিমিটেড। দ্বিতীয় হয়েছে গুডনেইবারস নলকা মহিলা সমবায় সমিতি লিমিটেড এবং তৃতীয় হয়েছে চান্দাইকোনা বহুমুখী ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।
অন্যদিকে, সফল সমবায়ী হিসেবে স্বীকৃতি পেয়েছেন চান্দাইকোনা আদর্শ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক মো. শহিদুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি ও স্বাবলম্বী সমাজ গঠন সম্ভব। এ জন্য সমবায় কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনমুখী করার আহ্বান জানান তাঁরা।
ভোরের আকাশ/রই