জামালপুরে ট্রাক চাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪

জামালপুরে মেলান্দহে ট্রাক চাপায় একই পরিবারের তিনজনসহ ৪ জন নিহত হয়েছে।
এতে আরও ২জন আহত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহা সড়কের মেলান্দহ উপজেলার বুরুঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মেলান্দহ থানার ওসি এটিএম মাহমুদুল হক।
নিহতরা হলেন, ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারি এলাকার মোর্শেদ আলম (২৫), তার স্ত্রী ইকরামা (২০) ও তাদের ৮মাস বয়সী সন্তান রিফা। নিহত অন্যজন মোটরসাইকেল আরোহী শওকত হাসান লিখন। সে মেলান্দহ উপজেলার বকুলতলা এলাকার বাসিন্দা।
ওসি এটিএম মাহমুদুল হক জানান, সকালে একটি ইজিবাইক মেলান্দহের শিমুলতলী থেকে জামালপুরের দিকে যাচ্ছিলো। অপরদিকে জামালপুর থেকে মেলান্দহের দিকে আসছিল আরও একটি মোটরসাইকেল।
এসময় জামালপুর গামী একটি ট্রাক প্রথমে মোটরসাইকেলকে চাপা দেয়, পরে ইজিবাইককেও চাপা দিলে ইজিবাইকে থাকা একই পরিবারের শিশুসহ তিন যাত্রী নিহত হয়৷
এছাড়াও মোটরসাইকেল আরোহী দুই জনসহ আরও ৩জন গুরুত্বর আহত হয়। পরে তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে শওকত হাসান লিখনকে ডাক্তার মৃত ঘোষণা করেন।
অন্য আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও হযরত আলী (৩৫) নামে একজন আহত হয়েছে। সে উপজেলার শিহাটা এলাকার লেঞ্জা মিয়ার ছেলে। অন্য জনের পরিচয় পাওয়া যায়নি।
পরে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ঘাতক ট্রাকসহ চালককে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান ওসি এটিএম মাহমুদুল হক।
ভোরের আকাশ/রই