সেমিকন্ডাক্টর খাতে ক্যারিয়ার গড়ার সম্ভাবনা নিয়ে প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সেমিনার

বাংলাদেশের উদীয়মান সেমিকন্ডাক্টর শিল্পে নিজেদের অবস্থান তৈরি, প্রযুক্তিগত জ্ঞান অর্জন এবং ভবিষ্যৎ পেশাগত সম্ভাবনা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে প্রিমিয়ার ইউনিভার্সিটিতে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১১ নভেম্বর ২০২৬, বুধবার, বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) বিভাগ এবং আইটেস্ট বাংলাদেশ-এর যৌথ আয়োজনে ‘বিয়ন্ড ইঞ্জিনিয়ারিং: এক্সপ্লোরিং দ্য সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যান্ড ফিউচার ক্যারিয়ার অপরচুনিটিজ’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ আয়োজনে শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন আইটেস্ট বাংলাদেশ-এর টিম লিড মো. মাশুর শ্লেহিন। পুরো অধিবেশনে সেশন চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন ইইই বিভাগের চেয়ারম্যান টুটন চন্দ্র মল্লিক।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, বিশ্ব প্রযুক্তির দ্রুত পরিবর্তনের ধারায় সেমিকন্ডাক্টর শিল্প বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনার ক্ষেত্র হয়ে উঠেছে। এই খাতে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতামূলক অবস্থান অর্জনের জন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গবেষণা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং কর্মমুখী শিক্ষা সম্প্রসারণে মনোযোগী হতে হবে। শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের ওপরও তিনি গুরুত্ব দেন।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলা সময়ের দাবি। ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা বাড়ানো গেলে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, যৌথ গবেষণা, শিল্পভিত্তিক প্রকল্প এবং হাতে-কলমে কাজ শেখার সুযোগ বৃদ্ধি পাবে। একই সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানগুলোর চাহিদা অনুযায়ী দক্ষ প্রকৌশলী ও প্রযুক্তিবিদ তৈরি করাও সহজ হবে। বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে শিল্পক্ষেত্রের বাস্তব সমস্যার সমাধানে কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি আইটেস্ট বাংলাদেশের সঙ্গে এ ধরনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।
মূল প্রবন্ধে মো. মাশুর শ্লেহিন সেমিকন্ডাক্টর প্রযুক্তির আন্তর্জাতিক বাজার, চিপ ডিজাইন থেকে শুরু করে উৎপাদনের বিভিন্ন ধাপ, এ খাতে ব্যবহৃত আধুনিক প্রযুক্তি এবং প্রয়োজনীয় কারিগরি দক্ষতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি বাংলাদেশসহ আন্তর্জাতিক পর্যায়ে এ শিল্পে কাজ করার সুযোগ, পেশাগত চ্যালেঞ্জ এবং ক্যারিয়ার গঠনের সম্ভাব্য দিকগুলো শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি গবেষণামুখী হওয়া এবং বাস্তব সমস্যার সমাধানে নিজেদের সক্ষম করে তোলার পরামর্শ দেন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইইই বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা আলম, সহকারী অধ্যাপক রাহুল চৌধুরী এবং আইটেস্ট বাংলাদেশ-এর হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিন বিভাগের দায়িত্বপ্রাপ্ত তানভীর মোরশেদ। তাঁদের বক্তব্যে সেমিকন্ডাক্টর খাতের জন্য দক্ষ জনবল তৈরিতে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতার গুরুত্ব বিশেষভাবে উঠে আসে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাইফুদ্দিন মুন্না। এ সময় উপস্থিত ছিলেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক তানিয়া নূর, সহকারী অধ্যাপক সরিত ধর, গণিত বিভাগের সহকারী অধ্যাপক কল্লোল দে এবং প্রভাষক সৌমেন দত্ত, আবির ধর, রীজমা সামানজা নিলয় ও মেহেরীন ইসলাম।
আয়োজকদের মতে, প্রচলিত প্রকৌশল শিক্ষার পাশাপাশি নতুন প্রযুক্তি ও সম্ভাবনাময় শিল্প সম্পর্কে শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান অর্জনের ক্ষেত্রে এ ধরনের সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে গবেষণা, প্রযুক্তিগত প্রশিক্ষণ, ইন্টার্নশিপ এবং চাকরির সুযোগ তৈরিতে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের যৌথ উদ্যোগ ভবিষ্যতে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।
ভোরের আকাশ/রই