রায়পুরে নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে তাঁতীদলের বিক্ষোভ
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও তাঁতী লীগের নেতাকর্মীদের কথিত নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে লক্ষ্মীপুরের রায়পুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর তাঁতীদল।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে উপজেলা ও পৌর তাঁতীদলের উদ্যোগে আয়োজিত মিছিলটি রায়পুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে নেতাকর্মীরা নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের কোনো ধরনের বিশৃঙ্খলা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না করার আহ্বান জানান।
সমাবেশে বক্তারা বলেন, ‘হাসিনা ডিসেম্বরে আসবে না, হাসিনার লাশও এই দেশে আসবে না। তাই তোরা আপা আপা করিস না, নৈরাজ্য সৃষ্টি করিস না।’
তাঁরা আরও বলেন, দেশে কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি কিংবা সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে তা প্রতিহত করতে তাঁতীদলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবেন।
উপজেলা তাঁতীদলের সদস্যসচিব জহির হাজী বলেন, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অতীতে শিক্ষাঙ্গনসহ বিভিন্ন স্থানে নির্যাতন ও নৈরাজ্যের অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে তাঁতীদল সব সময় সাধারণ মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষায় সোচ্চার ছিল। ভবিষ্যতেও অন্যায় ও সন্ত্রাসের বিরুদ্ধে তাদের অবস্থান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, দেশে নতুন করে কোনো ধরনের সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে তা প্রতিহত করতে তাঁতীদলের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন।
এ বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন, পৌর তাঁতীদলের আহ্বায়ক বোরহান উদ্দিন, সদস্যসচিব মোশাররফ হোসেন পিন্টুসহ উপজেলা ও পৌর তাঁতীদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ভোরের আকাশ/সু.পা