লক্ষ্মীপুর সাহেব বাড়ি শাপলা বাগান
ভোরের আলোয় লাল শাপলার সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা

লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের প্রত্যন্ত গ্রামে ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা হয়েছে লাল শাপলার বাগান। ভোরের আলোয় জলাশয়জুড়ে ফুটে থাকা হাজারো লাল শাপলা যেন প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য। চারপাশের সবুজের মাঝে লাল ফুলের এই সমারোহ দেখতে এখন স্থানীয়দের পাশাপাশি দূরদূরান্তের প্রকৃতিপ্রেমীদেরও ভিড় করছেন।
উপজেলার ভবানীগঞ্জ-কুশাখালী-নোয়াখালী সড়কের পূর্ব চর মনসা গ্রামের রাস্তার পাশে অবস্থিত এই বাগান। ২০২০ সালে প্রায় ১৪৩ শতাংশের একটি পরিত্যক্ত জলাশয় খনন করে বাগানটি গড়ে তোলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক জাহাঙ্গীর আলম।
বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, প্রকৃতির সৌন্দর্য বাড়ানোর ভাবনা থেকেই তিনি এ উদ্যোগ নেন। বরিশালের উজিরপুর থেকে লাল শাপলার কন্দ সংগ্রহ করে জলাশয়ে রোপণ করেন। এরপর নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের ফলে বর্তমানে সেখানে ফুটেছে হাজারো লাল শাপলা।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন সকাল থেকেই বাগানটিতে দর্শনার্থীদের ভিড় জমে। বিশেষ করে ফজরের নামাজের পর থেকে সকাল ১০টা পর্যন্ত ফুলগুলো পূর্ণ প্রস্ফুটিত থাকায় চারপাশের পরিবেশ হয়ে ওঠে মনোমুগ্ধকর। নির্মল বাতাসে কিছুটা সময় কাটাতে পরিবার-পরিজন নিয়ে অনেকেই ছুটে আসেন এখানে।
স্থানীয় প্রবীণ বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, “একসময় এই জলাশয়টি ডোবা হিসেবে পড়ে ছিল। কিন্তু জাহাঙ্গীরের উদ্যোগের কারণে আজ পুরো এলাকা লাল শাপলার রঙে রূপ নিয়েছে। ভোরে ঘুম থেকে উঠলেই লাল ফুলের এই সৌন্দর্য আমাদের মন ভালো করে দেয়।”
পরিবার নিয়ে বাগান দেখতে আসা দর্শনার্থী তাসলিমা আক্তার বলেন, “এই লাল শাপলার বাগানটি সন্তানদের নিয়ে দেখতে এসেছি। সত্যিই খুব মনোরম দৃশ্য। শহরে এমন তাজা পরিবেশ আর লাল শাপলার মেলা সহজে চোখে পড়ে না।”
আরেক তরুণ দর্শনার্থী মো. সাব্বির আহমেদ বলেন, “আমরা বন্ধুরা মিলে ভোরেই চলে এসেছি সুন্দর কিছু ছবি ও ভিডিও তোলার জন্য। তবে অনেকে দেখলাম ফুল ছিঁড়ছেন, যা খুবই দুঃখজনক। এত সুন্দর একটি প্রাকৃতিক সৃষ্টিকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।”
দর্শনার্থীদের অসচেতন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় যুবক মো. তানভীর হোসেন। তিনি জানান, অনেকে ছবি তোলার সময় না বুঝেই ফুল ছিঁড়ে ফেলেন। এতে বাগানটির প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বাগানটির উদ্যোক্তা অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, “নিজের মনের তাগিদেই এই উদ্যোগ নিয়েছি। যখন দেখি আমার এই প্রচেষ্টায় অন্য মানুষের মুখে হাসি ফুটছে এবং প্রকৃতি সুন্দর হয়ে উঠছে, তখন খুব ভালো লাগে। এ ধরনের উদ্যোগে সরকারি বা প্রাতিষ্ঠানিক কোনো পৃষ্ঠপোষকতা না থাকলেও নিজের ভালোলাগা থেকেই এটি টিকিয়ে রেখেছি।”
ভোরের আকাশ/সু.পা