স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে
কুষ্টিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ

কুষ্টিয়ায় স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে মুখে স্প্রে করে অজ্ঞাত ব্যক্তিরা অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে।
শিশুটির দাবি, জ্ঞান ফেরার পর নিজেকে একটি টিনের ঘরে বন্দি অবস্থায় দেখতে পায় সে। সেখানে আরও কয়েকজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে টিনের দরজার ফাঁক দিয়ে বেরিয়ে পালিয়ে বাড়ি ফেরে সে।
ঘটনার পর মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ৩ টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।
ভুক্তভোগী তাহমিদ কুষ্টিয়া স্কুল অব লরিয়েটস ইন্টারন্যাশনালের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তার বাবা মতিউর রহমান। পরিবারের সঙ্গে কুষ্টিয়া সদর উপজেলার জগতি এলাকায় একটি ভাড়া বাসায় থাকে সে।
গত রোববার (১৫ নভেম্বর) স্কুল থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে বলে পরিবারের অভিযোগ।
পুলিশ, পরিবার ও শিশুটির সঙ্গে কথা বলে জানা যায়, স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে অজ্ঞাত দুই ব্যক্তি তাহমিদের মুখে স্প্রে করে একটি গাড়িতে তুলে নেয়। এরপর কী ঘটেছিল, তা মনে করতে পারছে না সে।
পরে জ্ঞান ফিরে নিজেকে একটি টিনের ঘরের ভেতর আটকে থাকতে দেখে। সেখানে কয়েকটি স্কুলব্যাগ ও আরও কয়েকজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে বলে দাবি তার। ঘরের ভেতরে রক্ত ও ধারালো ছুরি দেখতে পাওয়ার কথাও জানিয়েছে শিশুটি।
একপর্যায়ে সুযোগ বুঝে টিনের দরজার ফাঁক দিয়ে বাইরে বেরিয়ে আসে তাহমিদ। এ সময় কয়েকজন তার পিছু ধাওয়া করে বলেও জানায় সে। পরে তাদের এড়িয়ে পালিয়ে নিরাপদে বাড়ি ফেরে।
তাহমিদ জানায়, আমার কিছু মনে নেই। আমাকে মুখে স্প্রে করে দেয়। জ্ঞান ফেরার পর দেখি, আমি একটি টিনের ঘরে আটকে আছি। সেখানে আরও কয়েকটি ব্যাগ ও কয়েকজন মানুষকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। সেখানে রক্ত ও ছুরির মতো ধারালো জিনিস ছিল। এরপর কী হয়েছে, তা আর মনে করতে পারছি না।
শিশুটির বাবা মতিউর রহমান বলেন, আমার ছেলের সঙ্গে এমন ঘটনা ঘটেছে। আমি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার চাই। যারা এর সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
এদিকে, গত ১৫ নভেম্বর থেকে কুষ্টিয়ার রেনউইক, যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেড এলাকায় চঞ্চল চৌধুরী ও দীপা খন্দকারসহ কয়েকজন শিল্পীকে নিয়ে একটি শুটিং ইউনিট কাজ করছে। সেখানে শুটিং ঘিরে অনেক মানুষের উপস্থিতি রয়েছে।
ইউনিটের নিরাপত্তায় পুলিশও দায়িত্ব পালন করছে। এমন পরিস্থিতিতে একই এলাকায় শিশুটিকে আটকে রাখার অভিযোগ ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে।
পুলিশ জানায়, শিশুটির দেখানো স্থানসহ রেনউইক, যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেড এলাকার বিভিন্ন জায়গা পরিদর্শন করা হয়েছে। তবে শিশুটি যে স্থানটিকে আটকে রাখার জায়গা হিসেবে দেখিয়েছে, সেখানে মানুষের যাতায়াত নেই বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, আমরা ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছি। থানায় একটি অভিযোগ হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/রই