ঝিকরগাছায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া গ্রামে কুলছুম বেগম (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ তোলা হয়েছে। ঘটনার পর থেকে তাঁর স্বামী সাব্বির হোসেন পলাতক রয়েছেন বলে জানা গেছে।
নিহত কুলছুম বেগম পাঁচপোতা গ্রামের প্রবাসী রুস্তম আলীর মেয়ে। তিনি বাঁকড়া এলাকার ফারুক হোসেনের ছেলে সাব্বির হোসেনের স্ত্রী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক ১০টার দিকে নিজ বসতঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় কুলছুমকে দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তাঁকে উদ্ধার করা হয়।
খবর পেয়ে বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় নিহতের শ্বশুরবাড়ির পরিবারের দাবি, স্বামী-স্ত্রীর মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না। কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা তাঁরা জানেন না। অন্যদিকে, কুলছুমের পরিবারের অভিযোগ, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে।
বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, রাতে মুঠোফোনে মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। প্রাথমিকভাবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের তদন্ত শেষে গৃহবধূর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ভোরের আকাশ/জেআ