ভারত সীমান্তে গুলিবিদ্ধ বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার

সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্তসংলগ্ন ভারতের আকুয়া এলাকা থেকে খালেদ আহমদ (২২) নামের এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে দুই দেশের আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি দেশে আনা হয়।
স্থানীয় সূত্র ও জকিগঞ্জ ১৯ বিজিবির মিডিয়া সেল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের মিকিরপাড়া এরালীগুল গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে খালেদ আহমদ স্থানীয় কয়েকজন গরু চোরাকারবারির সঙ্গে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। সেখান থেকে গরু নিয়ে ফেরার পথে ভারতের আকুয়া বস্তি এলাকায় খাসিয়াদের সঙ্গে চোরাকারবারিদের বিরোধ দেখা দেয়। একপর্যায়ে অস্ত্রধারী খাসিয়ারা তাঁদের ধাওয়া করলে খালেদ নিখোঁজ হন। এ সময় তাঁর সঙ্গে থাকা অন্যরা বাংলাদেশে পালিয়ে আসেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দেশে ফিরে আসা চোরাকারবারিরা খালেদের পরিবারকে জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাঁকে গুলি করে হত্যা করেছে এবং তাঁর মরদেহ দনা সীমান্তের ওপারে পড়ে রয়েছে। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজ নিয়ে ভারতের আকুয়া এলাকার একটি জঙ্গলে তাঁর মরদেহ পড়ে থাকার বিষয়টি জানতে পারেন।
তবে খালেদ আহমদ বিএসএফের গুলিতে, নাকি খাসিয়াদের গুলিতে নিহত হয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, অস্ত্রধারী খাসিয়ারাই তাঁকে গুলি করে হত্যা করে থাকতে পারে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাটি স্থানীয় দনা বিজিবি ক্যাম্পকে জানানোর পর দুই দেশের আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার বিকেলে খালেদের মরদেহ বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, খালেদ আহমদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হবে। তবে এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে থানা-পুলিশকে কিছু জানানো হয়নি বলে তিনি উল্লেখ করেন।
ভোরের আকাশ/জেআ