শিরোনাম
খুলনায় বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যাদেশের সংবিধান সব নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা ও সম-অধিকার নিশ্চিত করেছে: ডেপুটি স্পিকারনাহিদ ইসলামকে আইনি নোটিশলং মার্চ ও ফাঁকা গ্যাস সিলিন্ডার দেখিয়ে জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না : মীর শাহে আলমএইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা শুরু ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রীমোংলা অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা সইরাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭সোনার ভরিতে বাড়লো ৫ হাজার ৪৮২ টাকাখুলনায় বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যাদেশের সংবিধান সব নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা ও সম-অধিকার নিশ্চিত করেছে: ডেপুটি স্পিকারনাহিদ ইসলামকে আইনি নোটিশলং মার্চ ও ফাঁকা গ্যাস সিলিন্ডার দেখিয়ে জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না : মীর শাহে আলমএইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা শুরু ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রীমোংলা অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা সইরাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭সোনার ভরিতে বাড়লো ৫ হাজার ৪৮২ টাকা

চকরিয়ায় অদক্ষ কিশোররা চালাচ্ছে ইজিবাইক-টমটম, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ : ৫ নভেম্বর ২০২৬, ২:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

কক্সবাজারের চকরিয়ায় অপ্রাপ্তবয়স্ক কিশোরদের হাতে ক্রমেই বাড়ছে ইজিবাইক ও টমটম অটোরিকশার স্টিয়ারিং। পৌরশহরের প্রধান সড়ক, অলিগলি, বাজার ও গুরুত্বপূর্ণ মোড়ে প্রতিদিনই যাত্রী নিয়ে চলাচল করছে এসব কিশোর। কারও বয়স ১৪-১৫ বছর, কারও বয়স আরও কম। 

প্রয়োজনীয় প্রশিক্ষণ, দক্ষতা ও বৈধ চালনার অনুমতি ছাড়াই যাত্রী পরিবহনের মতো ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করছে তারা। শুধু পৌরশহর নয়, উপজেলার বিভিন্ন ইউনিয়নের আঞ্চলিক সড়ক এমনকি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কেও দেখা যাচ্ছে একই চিত্র। এতে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, শঙ্কায় রয়েছেন যাত্রী ও পথচারীরা।

সরেজমিনে দেখা যায়, স্থানীয় সড়কগুলোতে ইজিবাইক ও টমটমের বেপরোয়া চলাচল, হঠাৎ লেন পরিবর্তন এবং যাত্রী ওঠানো-নামানোর জন্য সড়কের মাঝখানে থামার প্রবণতা রয়েছে। অনেক ক্ষেত্রে চালকের আসনে থাকা কিশোরদের যানবাহন নিয়ন্ত্রণে পর্যাপ্ত দক্ষতা ও অভিজ্ঞতার ঘাটতি চোখে পড়ে। অন্যদিকে মহাসড়কে বাস, ট্রাক ও কাভার্ড ভ্যানের মতো ভারী যানবাহনের সঙ্গে চলাচল করতে গিয়ে তৈরি হচ্ছে বাড়তি ঝুঁকি।

ইজিবাইক ও টমটমকে কেন্দ্র করে চকরিয়ার বিভিন্ন সড়কে প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে বলে জানিয়েছেন স্থানীয়রা। কোথাও অন্য যানবাহনের সঙ্গে সংঘর্ষ, কোথাও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে পড়া, আবার কোথাও পথচারী ও যাত্রীরা আহত হচ্ছেন। এসব দুর্ঘটনার সব ঘটনা আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে। স্থানীয়দের আশঙ্কা, অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক চালকের সংখ্যা বাড়তে থাকায় সড়কে দুর্ঘটনার ঝুঁকিও ক্রমেই বাড়ছে।

এরই মধ্যে ইজিবাইককেন্দ্রিক একাধিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন শিক্ষার্থী, ব্যবসায়ী ও শিশু। ২০২৫ সালের ২০ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে চকরিয়ার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ঈদমনি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায় একটি ইজিবাইক। এতে তানিয়া আক্তার (১০) নামে এক শিশু নিহত হয়। আহত হন তার মা-বাবা। নিহত তানিয়া ফাঁসিয়াখালী ইউনিয়নের রাস্তার মাথা এলাকার মনোহর আলমের মেয়ে।

এরপর ২০২৬ সালের ২৪ ফেব্রুয়ারি সকাল পৌনে ৮টার দিকে চকরিয়া পৌরসভার দক্ষিণ বাটাখালী এলাকায় চলন্ত ইজিবাইক থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক শিক্ষার্থী নিহত হন। চলন্ত যান থেকে পড়ে ভারী যানবাহনের চাকায় পিষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা এসব যানবাহনের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

একই বছরের ১৮ মার্চ ২০২৬ তারিখে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার জিদ্দাবাজার এলাকায় ইজিবাইকের ধাক্কায় নিহত হন ব্যবসায়ী মোহাম্মদ মোশাররফ (৪৫)। তিনি কৈয়ারবিল ইউনিয়নের হামিদ উল্লাহ সিকদারপাড়ার বাসিন্দা। জিদ্দাবাজারে তারিন এন্টারপ্রাইজ নামে একটি হার্ডওয়্যারের দোকান পরিচালনা করতেন তিনি।

স্থানীয়দের অভিযোগ, একের পর এক দুর্ঘটনা ঘটলেও অপ্রাপ্তবয়স্কদের দিয়ে ইজিবাইক-টমটম চালানো বন্ধে কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না। অনেক যানমালিক চালকের বয়স, দক্ষতা কিংবা অভিজ্ঞতা যাচাই না করেই তাদের হাতে যাত্রীবাহী যান তুলে দিচ্ছেন। অন্যদিকে পরিবারের আর্থিক সংকট কিংবা উপার্জনের তাগিদে কিশোররাও এসব যান চালাতে নামছে। কিন্তু যাত্রী পরিবহনের মতো দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অভিজ্ঞতা না থাকায় তাদের সামান্য ভুলেও প্রাণহানির ঘটনা ঘটছে।

এদিকে, চকরিয়ায় নামে-বেনামে গড়ে ওঠা কিছু মালিক ও শ্রমিক সংগঠনের বিরুদ্ধেও অবৈধ যানবাহন চলাচল নিয়ন্ত্রণে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক চালক জানান, এসব সংগঠনের সংশ্লিষ্ট ব্যক্তিদের দৈনিক ও মাসিক ভিত্তিতে নির্দিষ্ট অঙ্কের টাকা দিতে হয় তাঁদের। চালকদের অভিযোগ, নিয়মিত অর্থ আদায়ের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিরা সড়কে অবৈধ যানবাহন চলাচল অব্যাহত রাখতে প্রভাব বিস্তার করছেন। এমনকি প্রশাসনের কিছু অসাধু ব্যক্তিকে ম্যানেজ করার অভিযোগও করেছেন তাঁরা।

মহাসড়কে এসব যানবাহনের চলাচল পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে। একই সড়কে দ্রুতগতির বাস-ট্রাকের পাশাপাশি চলাচল করছে ইজিবাইক ও টমটম। অদক্ষ চালকের হঠাৎ লেন পরিবর্তন, যাত্রী ওঠানো-নামানোর জন্য সড়কের মাঝখানে থামা কিংবা ভারী যানবাহনকে পাশ কাটানোর চেষ্টা যেকোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে। অথচ মহাসড়কে তিন চাকার যান চলাচল নিষিদ্ধ থাকার পরও বাস্তবে এসব যানবাহনের উপস্থিতি দেখা যাচ্ছে।

স্থানীয় সচেতনমহল জানান, শুধু অপ্রাপ্তবয়স্ক চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই সমস্যার সমাধান হবে না। যেসব যানমালিক চালকের বয়স ও দক্ষতা যাচাই না করে কিশোরদের হাতে যানবাহন তুলে দিচ্ছেন, তাঁদেরও জবাবদিহির আওতায় আনতে হবে। একই সঙ্গে মালিক ও শ্রমিক সংগঠনের নামে অর্থ আদায়ের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। পাশাপাশি পৌরশহরের ব্যস্ত সড়ক, বাজার ও মহাসড়কে নিয়মিত অভিযান, চালকদের বয়স যাচাই এবং ঝুঁকিপূর্ণ যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

আরও পড়ুন

চৌদ্দগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা

নিরাপদ সড়ক চাই (নিসচা) চকরিয়া উপজেলা শাখার সভাপতি সোহেল মাহমুদ বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে চালকের বয়স, দক্ষতা, প্রশিক্ষণ ও বৈধ চালনার অনুমতি নিশ্চিত করা জরুরি। পাশাপাশি যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই, নিয়মিত তদারকি এবং অপ্রাপ্তবয়স্কদের দিয়ে যানবাহন চালানোর প্রবণতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। শুধু দুর্ঘটনার পর দায় নির্ধারণ করলেই হবে না, দুর্ঘটনার আগেই ঝুঁকিপূর্ণ চালকদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে নিসচা চকরিয়া শাখার পক্ষ থেকেও সংশ্লিষ্ট সড়ক ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণকারী দপ্তরগুলোর সঙ্গে আলোচনা করা হয়েছে।

এ বিষয়ে চকরিয়ার মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ মো. সেলিম মিয়া ও চিরিংগা হাইওয়ে থানার সার্জেন্ট মো. জাকিবুল ইসলামের কাছে জানতে চাইলে তাঁরা জানান, মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। এসব যানবাহনের চলাচল বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। বিশেষ করে অপ্রাপ্তবয়স্ক চালকদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে নিষেধাজ্ঞা ও অভিযান সত্ত্বেও মহাসড়কে এসব যানবাহনের চলাচল পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: