৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপটে রাজনৈতিক বিভাজন ও নেতৃত্বের সংকট কাটিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তির মধ্য দিয়ে বাংলাদেশ একটি সুদৃঢ় ও কার্যকর নেতৃত্বের পথে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল।
৭ নভেম্বরের চেতনা হচ্ছে জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনা। এই চেতনাকে ধারণ করেই আগামী দিনে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম হলরুমে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান—এই তিন প্রজন্মই জাতীয় ঐক্যের রাজনীতিকে ধারণ করে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
আগামী দিনে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ করে সম্ভাবনাময় বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি সমৃদ্ধ ও মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। তবে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভেদ-বিভাজন ভুলে দেশের মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তাহলেই একটি উন্নত, সমৃদ্ধ ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
পঞ্চগড়ের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, পঞ্চগড় একটি সম্ভাবনাময় জেলা। এ জেলার উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করতে দল-মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
ব্যক্তিগত ও রাজনৈতিক ভেদাভেদ ভুলে জেলার সার্বিক উন্নয়নে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, সমৃদ্ধ ও উন্নত পঞ্চগড় উপহার দিতে হলে ঐক্যের কোনো বিকল্প নেই।
পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, পুলিশ সুপার আবু সাইম, জেলা সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মির্জা নাজমুল ইসলাম কাজলসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুধীজন।
ভোরের আকাশ/রই