চৌদ্দগ্রামে পুলিশ-বিএনপি-জামায়াতের সঙ্গে সংঘর্ষ ,আটক-৯

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় পুলিশের পাশাপাশি স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ ও পাল্টাপাল্টিধাওয়ার ঘটনা ঘটে।
শনিবার (২৮ নভেম্বর) রাতে এ ঘটনায় মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ এবং বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করা হয়। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুই দিনের ‘লকডাউন’ কর্মসূচির সমর্থনে গতকাল শনিবার রাত পৌনে ১১টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার ট্রেনিং সেন্টার এলাকা থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি চৌদ্দগ্রাম বাজার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে যাওয়ার সময় মহাসড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয়। এতে মহাসড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রত্যক্ষদর্শী ও যানবাহন চালকদের অভিযোগ, অবরোধ চলাকালে বিক্ষোভকারীরা কয়েকটি গাড়ি ভাঙচুর করেন এবং চালকদের মারধর করে গাড়ির চাবি ছিনিয়ে নেন। ঘটনার প্রায় এক ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরাও পুলিশের সঙ্গে যুক্ত হয়ে বিক্ষোভকারীদের প্রতিরোধ করেন। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল (কাঁদানে গ্যাসের শেল) নিক্ষেপ করে।
রাত পৌনে ১২টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চলে। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে গোপনে মহাসড়কে মিছিল বের করে যানবাহন ভাঙচুর করেন। খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে পুলিশসহ তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যান। উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ‘দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে আওয়ামী লীগের নেতাকর্মীরা মহাসড়কে হামলা, যানবাহন ভাংচুর ও অবরোধ করেন। খবর পেয়ে জামায়াতের নেতাকর্মীরা পুলিশের সঙ্গে গিয়ে তাদের ধাওয়া দিলে তারা পিছু হটেন। এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ আরিফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রæত ঘটনাস্থলে পৌঁছে টিয়ার শেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। ওসি জানান চৌদ্দগ্রামে যান বাহন ভাংচুরের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নয় সদস্যকে গ্রেফতার করেছেন। পরে সড়ক থেকে প্রতিবন্ধকতা সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।
এদিকে গত রাতের ঘটনার প্রতিবাদে রোববার( ২৯ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা জামায়াতে ইসলামী। উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ মাহফুজুর রহমানের নেতৃত্বে দলটির স্থানীয় নেতাকর্মীরা এ মিছিলে অংশ নেন।
ভোরের আকাশ/ এনউব