ঝিনাইদহে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৩

ঝিনাইদহে ৩টি মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে । এ ঘটনায় আরও ৩ জন আহত হন। বুধবার (১৩ আগস্ট) রাতে সদর উপজলার দড়িগোবিন্দপুরে এ দুর্ঘটনা ঘটে ।
নিহতরা হলেন-ঝিনাইদহ সদর উপজেলার দড়িগোবিন্দপুর গ্রামের ইমরান হোসেনের ছেলে শিহাব (১৬) ও একই গ্রামের কোরবান আলীর ছেলে আরাফাত হোসেন (১৬)। আরাফাত ঝিনাইদহ শহরের মল্লিক শহিদুল ইসলাম কারিগরি স্কুল এন্ড কলেজের প্রথম বর্ষের ও শিহাব কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্র।
এলাকাবাসী জানায়, রাত ৮টার দিকে শিহাব ও আরাফাত মোটরসাইকেলে পার্শ্ববর্তী বয়রাতলা বাজারে যাচ্ছিল। পথে দড়িগোবিন্দপুর মৌরিবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও বাইসাইকেলের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ৫ জন আহত হয়। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে শিহাব, আরাফাত ও বাইসাইকেল চালককে ফরিদপুরে স্থানান্তর করেন চিকিৎসক। পরে ফরিদপুরে যাওয়ার পথে শিহাব ও ঢাকায় যাওয়ার পথে আরাফাত মারা যায়।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খুবই মর্মান্তিক ঘটনা । অতিরিক্ত গতির কারণেই এ ঘটনা ঘটেছে । তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় দুই জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভোরের আকাশ/মো.আ.