বাসাইলে প্রাথমিক শিক্ষার উন্নয়নে প্রধান শিক্ষক ও শিক্ষা অফিসারের মতবিনিময় সভা

প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, গুণগত মান বৃদ্ধি এবং বিদ্যালয়ভিত্তিক বিভিন্ন কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে টাঙ্গাইলের বাসাইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহীন মিয়া।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ হারুন অর রশীদ মোল্লার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাকিরুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বাশিরুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান প্রমুখ।
সভায় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করা, শিখনফল বৃদ্ধি, শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, বিদ্যালয় ব্যবস্থাপনা শক্তিশালীকরণ এবং শিক্ষার্থী ঝরে পড়া রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া নিয়মিত একাডেমিক তদারকি এবং প্রাথমিক শিক্ষার সামগ্রিক উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে শিক্ষক ও শিক্ষা প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়।
বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষা হলো জাতির ভিত্তি। তাই মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষা প্রশাসন ও সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ ধরনের মতবিনিময় সভা শিক্ষক ও শিক্ষা প্রশাসনের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি ভবিষ্যতে কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় বাসাইল উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/সু.পা